মোহালিতে স্পিনজালে দক্ষিণ আফ্রিকাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলবেন অশ্বিনরা—ভারতের চিত্রনাট্য ছিল এ রকমই। কিন্তু নিজেদের পাতা ফাঁদে পড়তে হলো নিজেদেরই। প্রথম দিনেই ২০১ রানে অলআউট ভারত। তবে এই পিচে এই রানটাকেও কম মনে হচ্ছে না। ২৮ রান তুলতেই দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ফেলেছে। টেস্টটা পাঁচ দিনে গড়াবে কি না সেটিই বড় প্রশ্ন।
মূলত ব্যাটসম্যান, টুকটাক বাঁ হাতটা ঘোরাতে পারেন—ডিন এলগারের পরিচিতিটা এ রকমই। আগের ১৭ টেস্টে যাঁর মাত্র ৬ উইকেট, সেই এলগারই কাল হয়ে গেলেন জটিল একটা ধাঁধা। থিতু হয়ে যাওয়া পূজারাকে ফিরিয়েছেন। দারুণ দুই বলে রাহানে ও ঋদ্ধিমানকে আউট করে পেয়েছিলেন হ্যাটট্রিকের সুযোগও। পরে ফিরিয়েছেন মিশ্রকেও। এলগারের ওপর আমলা এতটাই ভরসা করেছিলেন যে, মূল স্পিনার ইমরান তাহিরকে বল হাতে নিয়েছেন ৪৩ ওভারের অপেক্ষায়! তাহিরের সঙ্গে আরেক স্পিনার সাইমন হার্মারও যোগ্য সংগত দিয়েছেন এলগারকে। হার্মারের ওপর সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন মুরালি বিজয়, ব্যাট হাতে ভারতকে পথ দেখাচ্ছিলেন এই ওপেনারই। বিজয়কে ফিরিয়েছেন হার্মারই, শেষে ভারতের লেজটা মুড়ে দিয়েছেন তাহির। তবে ধাওয়ানকে ফিরিয়ে প্রথম ধাক্কা দিয়েছিলেন পেসার ভারনন ফিল্যান্ডার। বিরাট কোহলিকে ১ রানে ফিরিয়ে তাঁর ২৭ জন্মদিন পণ্ড করে দিয়েছেন কাগিসো রাবাদা।
এর আগে মোহালিতে মাত্র দুবার এর চেয়ে কম রানে অলআউট হয়েছে ভারত। তবে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামার পর ২০১ রানটাই তাদের কাছে দূরের গন্তব্য মনে হওয়ার কথা। শুরু থেকেই রানের জন্য প্রাণপাত করেছে প্রোটিয়ারা, হাঁসফাঁস করতে করতেই অশ্বিনের বলে ফিরে গেছেন স্টিয়ান ফন জিল। জাদেজার বল বুঝতে না পেরে বোল্ড ফাফ ডু প্লেসি। এলগারের সঙ্গে অধিনায়ক হাশিম আমলা বাকি সময়টা পার করেছেন সংগ্রামের মধ্য দিয়ে। ম্যাচ শেষে এলগারের স্বীকারোক্তি, ‘আমার টেস্ট ক্যারিয়ারে এই ২০ ওভারের মতো কখনো ভুগতে হয়নি। ২০১ রান আসলে অনেক বেশি। পিচটা মোটেই ভালো নয়, তবে এখানে একটা ফল আসবেই।’
সেই ফলটা কোন দিকে যাবে, সেটার একটা ধারণা আজ দিন শেষেই হয়তো পাওয়া যাবে। স্টার স্পোর্টস, এএফপি।