মেয়াদ বাড়ছে দুই নির্বাচকের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হবে যেকোনো সময়। এখন তাই নির্বাচকদেরই কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকার কথা এবং তাঁরা তা আছেনও। তবে প্রধান নির্বাচক ফারুক আহমেদ নন, সবার কৌতূহল নির্বাচক কমিটির অন্য দুই সদস্য মিনহাজুল আবেদীন আর হাবিবুল বাশারকে ঘিরে
সেই কৌতুহলও দল ঘোষণা-সংক্রান্ত কারণে নয়। নির্বাচক হিসেবে কালই যে ছিল মিনহাজুল-হাবিবুলের চুক্তির শেষ দিন! তাই বলে অবশ্য এটা ভেবে বসবেন না যে তাঁরা আর নির্বাচক নন। বরং দুজনের দায়িত্বের মেয়াদই বাড়ানো হচ্ছে আগামী ডিসেম্বর পর্যন্ত। প্রধান নির্বাচক ফারুক আহমেদের চলতি মেয়াদও শেষ হবে ডিসেম্বরে।
অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মিনহাজুল-হাবিবুলকে পরবর্তী বোর্ড সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানালেন সে রকমই, ‘নির্বাচক কমিটি যেভাবে আছে সেভাবেই কাজ চালিয়ে যাবে। এ ব্যাপারে নির্বাচক কমিটির সবার সঙ্গে আমাদের কথা হয়েছে। পরবর্তী বোর্ড সভায় তাদের চুক্তির শর্ত ও অন্যান্য বিষয় চূড়ান্ত হবে।’