মেয়াদ বাড়ল আতাপাত্তুর
ভারপ্রাপ্ত কোচের ‘ভারের’ মেয়াদ বাড়ল আরও। আগস্টে পাকিস্তান সিরিজ পর্যন্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রধান কোচ থাকছেন মারভান আতাপাত্তু। সঙ্গে ওই সিরিজ পর্যন্ত থাকছেন ভারপ্রাপ্ত সহকারী কোচ রুয়ান কালপাগেও। এই ফাঁকে স্থায়ী প্রধান কোচের খোঁজে বিজ্ঞাপন দেবে শ্রীলঙ্কা ক্রিকেট। আগস্টে পাকিস্তান সিরিজের পর নভেম্বর পর্যন্ত খেলা নেই শ্রীলঙ্কার। তাই তাড়াহুড়ো করতে চাইছে না লঙ্কান বোর্ড।
পল ফারব্রেস শ্রীলঙ্কা ছেড়ে ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত হিসেবে চালিয়ে যাচ্ছেন আতাপাত্তু। স্থায়ী প্রধান কোচের দৌড়ে আপাতত এগিয়ে তিনি। আতাপাত্তুর কোচিংয়ে কদিন আগে ইংল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কা, জিতেছে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজও। শোনা যাচ্ছে, দায়িত্বটা নিতে আগ্রহী ক্রিস অ্যাডামসও। সাবেক সারে কোচ ও ইংলিশ ব্যাটসম্যান শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরে কাজ করেছিলেন পরামর্শক হিসেবে।
স্থায়ী-ভারপ্রাপ্ত মিলিয়ে গত চার বছরে সপ্তম প্রধান কোচ আতাপাত্তু। ফারব্রেস ইংল্যান্ডে চলে যাওয়ার পর কিছুদিন আগে সিনিয়র স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ণ বাংলাদেশে চলে এসেছেন। বোর্ডের স্পিন বোলিং কোচ পিয়াল বিজেতুঙ্গেও আসছেন বাংলাদেশে। প্রধান কোচের পাশাপাশি এই কোচদের বিকল্পও খুঁজতে হবে শ্রীলঙ্কাকে। ক্রিকইনফো।