মেয়াদ বাড়ল লেম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলকে সাফল্য এনে দেওয়ার পুরস্কার পেলেন ড্যারেন লেম্যান। অস্ট্রেলিয়ার প্রধান কোচের চাকরির মেয়াদটা আরও এক বছর বাড়িয়ে ২০১৭ সালের জুন পর্যন্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত বছর পিঠোপিঠি অ্যাশেজের আগে মিকি আর্থারের নাটকীয় বিদায়ের পর কোচ হিসেবে নিয়োগ পান দুটি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য লেম্যান। কোচ হিসেবে প্রথম সিরিজটা হারলেও এরপর অস্ট্রেলিয়ার পারফরম্যান্স গ্রাফ শুধুই ঊর্ধ্বমুখী।
দেশের মাটিতে ফিরতি অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই করেই ভস্মাধার পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া। এরপর এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ২-১ ব্যবধানে জিতে কিছু দিনের জন্য টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও ওঠে অস্ট্রেলিয়া। মাত্রই শেষ হওয়া ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের পুনরুদ্ধার করা দলটির সামনে হাতছানি আবারও টেস্টের ১ নম্বর হওয়ার। পাকিস্তানকে দুই টেস্টেই হারালে দক্ষিণ আফ্রিকাকে টপকে শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়া। বিবিসি।