মেয়ে আইভি কাঁদাল বাবা ওয়ার্নারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞাপণের কাট-আউটকে বাবা ভেবে জড়িয়ে ধরছে ওয়ার্নারের মেয়ে। ছবি-ইনস্টাগ্রাম
বিজ্ঞাপণের কাট-আউটকে বাবা ভেবে জড়িয়ে ধরছে ওয়ার্নারের মেয়ে। ছবি-ইনস্টাগ্রাম

মাঠে তিনি ভয়ংকর এক ব্যাটসম্যান। কিন্তু মাঠের বাইরে ডেভিড ওয়ার্নার স্নেহময় এক বাবা। ব্যাট হাতে তাঁর ভয়ংকর রূপটা অনেকেই দেখেছেন। কিন্তু বাবা ওয়ার্নার কতটা কোমল হৃদয়ের, সেটা তাঁর পরিবার ছাড়া বোধ হয় খুব বেশি মানুষ জানেন না। ইনস্টাগ্রামে সম্প্রতি প্রকাশিত ওয়ার্নারের একটা ভিডিও দেখলে অবশ্য কিছুটা আন্দাজ করা যাবে। যেখানে বোঝা যায়, বাবাকে কতটা মিস করছে তাঁর আড়াই বছর বয়সী মেয়ে আইভি। কন্যার ভালোবাসা চোখে জল এনেছে ওয়ার্নারেরও।

ভারত সফরে শুরুতে ওয়ার্নারের সঙ্গে এসেছিলেন তাঁর স্ত্রী ও দুই মেয়েও। কিন্তু টেস্ট সিরিজের মাঝপথেই আবার অস্ট্রেলিয়া ফিরে যেতে হয় তাঁর পরিবারকে। ফিরে গেলে কী হবে, আড়াই বছরের আইভির মনটা তো পড়ে রয়েছে বাবার কাছে। খুব মিস করছে সে বাবাকে। ওয়ার্নার যে ভিডিওটা দিয়েছেন ইনস্টাগ্রামে, সেখানে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়াতেই মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে একটা দোকানে হঠাৎ বাবার কাট-আউট চোখে পড়ে মেয়ের। দূর থেকে সেটা দেখেই ছুটে গেল আইভি। তারপর সেই বিজ্ঞাপণের কাট-আউটকেই বাবা ভেবে কী আবেগে জড়িয়ে ধরা!
ভিডিওটার সঙ্গে ওয়ার্নার লিখেছেন, ‘এটা দেখে সকাল সকাল আমার চোখে জল এল। মেয়েটা দূর থেকে ছুটে গেল আমাকে জড়িয়ে ধরবে বলে!
বাবাদের জন্য কন্যাদের ভালোবাসা বুঝি এমনই হয়।’ ইনস্টাগ্রাম।