মেয়েকে আইসিইউতে রেখেই খেলেছেন শামি!

নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় দিন। মোহাম্মদ শামির ১৪ মাসের শিশু কন্যা আয়রাকে তীব্র জ্বরের কারণে ভর্তি করতে হলো কলকাতার একটি হাসপাতালে। অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে একপর্যায়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করতে হয় শামির কন্যাকে।
আদরের মেয়েটিকে নিয়ে যে এত কিছু ঘটে গেছে, সেটা দ্বিতীয় দিন শেষ হওয়ার আগ পর্যন্ত জানার কোনো উপায় ছিল না শামির। দিন শেষে শামি যখন পুরো ঘটনা জানলেন তখনো তাঁর ছোট্ট আয়রা নিবিড় পরিচর্যা কেন্দ্রেই।
এমন একটা পরিস্থিতিতে যেকোনো বাবাই চাইবে সন্তানের কাছে থাকতে। কিন্তু শামির সে উপায় ছিল না। টেস্ট ম্যাচ চলছে যে, শামি তাঁর দলের গুরুত্বপূর্ণ সদস্য। হৃদয়ে পাথর বেঁধে শামি খেললেন, খালি খেললেনই না, কলকাতা টেস্টে ভারতের জয়ে বড় ভূমিকাও রাখলেন। দুই ইনিংস মিলিয়ে নিলেন ৩টি করে মোট ৬ উইকেট।
প্রতিদিন সন্ধ্যায় টিম হোটেল থেকে হাসপাতালে যেতেন শামি। সেখানে সময় কাটিয়ে মেয়ের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে গভীর রাতে আবারও ফিরে আসতেন হোটেলে। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়ার আনন্দের সঙ্গে শামির জন্য স্বস্তি হয়ে এসেছে আয়রার রোগমুক্তি। ভারতের কলকাতা জয়ের দিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শামির কন্যাকে।
তীব্র মানসিক শক্তির পরিচয় দিয়েই কলকাতা টেস্ট খেলেছেন শামি। মেয়ের অসুস্থতার খবর পাওয়ার থেকে তাঁকে মানসিকভাবে চাঙা ও শক্ত রাখার দায়িত্বটি পালন করে এসেছেন অধিনায়ক বিরাট কোহলি। শামি নিজেই জানিয়েছেন কোহলির কথা, ‘দিনের খেলা শেষ করেই আমি হাসপাতালে ছুটে যেতাম। অনেক রাত করেই ফিরতাম। অধিনায়ক কোহলি প্রতিটি দিন আমার জন্য অপেক্ষা করত। আমাকে মানসিক প্রেরণা জোগাত।’ সূত্র: ওয়ানইন্ডিয়া।