মেয়েদের ক্রিকেটের ডব্লু জি গ্রেস!
>সম্প্রতি বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারটি র্যাচেল হেহো ফ্লিন্টের নামে করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। কিন্তু কে এই ফ্লিন্ট?
তখন তাঁর স্কার্ট পরে স্কুল যাওয়ার দিন। ছুটির দিনগুলোয় বা অবসরে ভাই আর তাঁর বন্ধুদের সঙ্গে বাড়ির সামনের রাস্তায় নেমে যেতেন ব্যাট-বল নিয়ে। একদিনের ঘটনা—খেলার গুরুত্বপূর্ণ সময়ে পুলিশ এসে থামিয়ে দেয় খেলা। রাস্তা বন্ধ করে খেলার অভিযোগে তাঁর ভাই আর অন্য ছেলেদের নাম-ঠিকানা লিখে নেয় পুলিশ। ওই পুলিশ সদস্যের কলার চেপে ধরে র্যা চেল হেহো ফ্লিন্ট বলেছিলেন, ‘আমিও খেলেছি।’ পুলিশের ওই লোক তাঁর দিকে তাকিয়ে উত্তর দিয়েছিলেন, ‘মেয়েরা ক্রিকেট খেলে না।’
কথাটা ফ্লিন্টের অহংবোধে ধাক্কা দিয়েছিল। আর দিয়েছিল বলেই তিনি হতে পেরেছিলেন নারী ক্রিকেটের অগ্রদূত। ফ্লিন্ট শুধু ক্রিকেটারই ছিলেন না, ছিলেন ক্রিকেট লিখিয়ে আর ক্রিকেট সংগঠকও।
গত জানুয়ারিতে না-ফেরার দেশে পাড়ি জমানো ফ্লিন্ট ইংল্যান্ড নারী ক্রিকেট দলের হয়ে ২২টি টেস্ট খেলেছেন। ব্যাটিং গড় ৪৫.৫৪। ২৩ ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড়টা আরও ঈর্ষণীয়—৫৮.৪৫! ১৯৭৩ সালে ইংল্যান্ডে মেয়েদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে বড় ভূমিকা ছিল ফ্লিন্টের। তাঁর নেতৃত্বেই সেবারের বিশ্বকাপ জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড। জীবনজুড়ে সব ক্রিকেটীয় অর্জনের স্বীকৃতি পেয়েছেন, প্রথম নারী ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন আইসিসির হল অব ফেমে।
ক্রিকেটে এগিয়ে যাওয়ার প্রেরণা পরিবার থেকেই পেয়েছিলেন। বাড়ির আঙিনায় ফুলবাগানের সামনে ফ্লিন্টের জন্য ক্রিকেট খেলার জায়গা করে দিয়েছিলেন বড় ভাই। দুই ভাইবোন খেলতেন সেখানে। একবার বড় ভাই তাঁকে ব্যাটিংই দিচ্ছিলেন না। অবশেষে যখন ফ্লিন্টকে ব্যাটিং দিলেন, বড় ভাইয়ের ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ অবস্থা! কিছুতেই তাঁকে আউট করতে পারছিলেন না ভাই। বিরতি দিয়ে দিয়ে তিন দিন ব্যাটিং করে ৩৮০ রানে অপরাজিত থাকলেন ফ্লিন্ট। বেচারা বড় ভাই শেষে রণে ভঙ্গ দিয়ে পালালেন!
সহজে আউট করা যায় না বলে বড় ভাই আর ফ্লিন্টের সঙ্গে খেলতে আসেন না। বোন আর কী করবে! দড়ি দিয়ে মোজায় বল ঝুলিয়ে চলতে থাকে ফ্লিন্টের ব্যাটিং অনুশীলন। যতক্ষণ পর্যন্ত না দড়ি ছিঁড়ে যায় আর হাতব্যথা হয়ে যায় চলে তাঁর অনুশীলন। নিমগ্ন এই অনুশীলনের ফল—মাত্র ১৬ বছর বয়সে কাউন্টি ক্রিকেটে অভিষেক। কিছুদিন পরেই ইংল্যান্ড নারী ক্রিকেট দলে ডাক পাওয়া এবং জাতীয় দলে নিয়মিত হওয়া। ১৯৬৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ফ্লিন্ট দেশকে নেতৃত্বও দেন। ক্লাব ও জাতীয় দলের বাইরে দেশের নারী ক্রিকেটের উন্নয়নে অর্থ সংগ্রহের জন্য অনেক চ্যারিটি ম্যাচ খেলেছেন। অর্থ সংগ্রহের জন্য খণ্ডকালীন চাকরি করেছেন। এক চ্যারিটি ম্যাচে ফ্লিন্ট মুখোমুখি হয়েছিলেন কলিন কাউড্রে একাদশের। সেই ম্যাচে জিম লেকারকে ছক্কা মেরে সাইটস্ক্রিনে ফেলবেন বলে বাজি ধরেছিলেন। কিন্তু ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা ফিল্ডার পিটার ওয়াকারের হাতে ক্যাচ হয়ে যান।
ইংল্যান্ডের নারী ক্রিকেট তরতর করে এগিয়ে গেলেও একটা সময়ে সংবাদমাধ্যমে তেমন জায়গা পাচ্ছিল না মেয়েদের ক্রিকেট। বিষয়টি ভালো লাগেনি ফ্লিন্টের। স্থানীয় এক পত্রিকায় ক্রীড়া সাংবাদিকতার চাকরি নিয়ে ঘাটতি পোষানোর কাজটা তুলে নিলেন নিজের হাতে। সঙ্গে ডেইলি টেলিগ্রাফ-এও লিখতে শুরু করেন। রয়টার্স, পিএ আর দ্য এক্সপ্রেস-এ কাজ করেছেন ফ্লিন্ট। মাঠ থেকে বেরিয়ে বসে যেতেন খেলার প্রতিবেদন লিখতে।
এক জীবনে আরও কত যে লড়াই করেছেন ফ্লিন্ট! কখনো ক্লান্ত হননি। তারই পুরস্কার এমসিসির সদস্যপদ। প্রথম নারী হিসেবে পা রাখেন লর্ডসে। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের পরিচালনা পর্ষদের সদস্য হয়েছিলেন। পরে ক্লাবটির সহসভাপতির পদও অলংকৃত করেন ফ্লিন্ট। উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক-এর সাবেক সম্পাদক শিল্ড বেরি তাঁকে যথার্থ একটা বিশেষণই দিয়েছিলেন—মেয়েদের ক্রিকেটের ডব্লু জি গ্রেস! সূত্র: দ্য গার্ডিয়ান।