মেয়েদের নতুন অধিনায়ক রুমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুমানা আহমেদ
রুমানা আহমেদ

বাংলাদেশ মেয়েদের জাতীয় ক্রিকেট দল নতুন কোচ পেয়েছে কিছুদিন আগেই। আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠেয় এশিয়া কাপের আগে পরিবর্তন এসেছে অধিনায়কত্বেও। কাল বিকেলে বিসিবির পরিচালনা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মেয়েদের নতুন অধিনায়ক হিসেবে রুমানা আহমেদের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
এশিয়া কাপকে সামনে রেখে মেয়েরা এখন প্রস্তুতি সারছেন কক্সবাজারে। মুঠোফোনে রুমানা জানালেন তাঁর প্রতিক্রিয়া, ‘খবরটা শুনে খুবই অবাক হয়েছি। বিশ্বাসই হচ্ছে না আমার!’
মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম ভরসা রুমানা। গত সেপ্টেম্বরে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে স্নায়ুক্ষয়ী ম্যাচে হ্যাটট্রিক করে বাংলাদেশকে জিতিয়েছিলেন। এবার তাঁর কাঁধে চাপল নেতৃত্বের ভারও। চ্যালেঞ্জটা নিচ্ছেন এই লেগ স্পিনার, ‘অধিনায়কত্ব নিয়ে বাড়তি কিছু ভাবছি না। আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপে ভালো খেলা। এটাকে চাপ নয়, অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিচ্ছি। দায়িত্বটা ঠিকঠাক পালন করার চেষ্টা করব।’
২০০৮ থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক ছিলেন সালমা খাতুন। গত এক বছর দলকে নেতৃত্ব দিয়েছেন জাহানারা আলম। এবার মেয়েদের ক্রিকেটে শুরু হচ্ছে রুমানা-পর্ব।