তিন সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো মেয়েদের ক্রিকেটে র্যাঙ্কিং চালু করেছে আইসিসি। এর আগে শুধু মেয়েদের ব্যক্তিগত র্যাঙ্কিং প্রকাশ করা হতো, দলীয় র্যাঙ্কিং ছিল না। নতুন সমন্বিত পদ্ধতিতে তিন সংস্করণের ক্রিকেটের ফলকে র্যাঙ্কিংয়ে সমানভাবে বিবেচনা করা হবে। প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের জন্যই পাওয়া যাবে র্যাঙ্কিং পয়েন্ট। কাল প্রকাশিত ১০ দলের নতুন র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে আছে বাংলাদেশের মেয়েরা। ৫৭ রেটিং পয়েন্ট পাওয়া বাংলাদেশের নিচে আছে শুধু আয়ারল্যান্ড। ৮ নম্বরে থাকা শ্রীলঙ্কার সঙ্গে সালমাদের ব্যবধান ১৭ পয়েন্টের। মেয়েদের র্যাঙ্কিংয়েরও শীর্ষে অস্ট্রেলিয়া। মেয়েদের বিশ্বকাপ, বাংলাদেশে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশাপাশি মেগ ল্যানিংয়ের দলটি শীর্ষে রয়েছে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপেও। এই টুর্নামেন্টটি আসলে ২০১৭ মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্ব। র্যাঙ্কিংয়ের দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
এখন থেকে প্রতিবছর ১ অক্টোবর মেয়েদের ক্রিকেটের বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করা হবে, পুরুষদের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির বার্ষিক দলীয় র্যাঙ্কিং প্রকাশ করা হবে মে মাসে। আইসিসি বিজ্ঞপ্তি।