মেয়েদের প্রথম লক্ষ্য সুপার সিক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বাছাইপর্বের শীর্ষ চারে থাকতে হবে। তবে বাংলাদেশ এখনই অত দূরে তাকাতে চায় না। আপাতত তাদের লক্ষ্য সুপার সিক্সে ওঠা।
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের অভিযান। গ্রুপ পর্বে রুমানাদের লড়তে হবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের সঙ্গে। গ্রুপের শীর্ষ তিন দল যাবে সুপার সিক্সে। সুপার সিক্সের সেরা চারটি দল খেলবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় মহিলা বিশ্বকাপে।
মেয়েদের দলের নির্বাচক ও ম্যানেজার আতহার আলী খান বলেন, তাঁদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পেরোনো, ‘আমরা যে পরিকল্পনা করে এগোচ্ছি, সেটা ঠিকঠাক কাজে লাগাতে পারলে আশা করছি সুপার সিক্সে খেলতে পারব।’
স্বপ্নটা যদি সুপার সিক্সেই সীমাবদ্ধ থাকে, সামনে কীভাবে এগোবেন রুমানারা? আতহারের যুক্তি, ‘কোয়ালিফাই করার আগে আমাদের সুপার সিক্সে যেতে হবে। সেটা করতে পারলে পরের চিন্তা। সুপার সিক্সে উঠতে পারলে তখন আমাদের লক্ষ্য থাকবে শেষ চারে থাকা।’
কদিন আগেই ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দল। শেষ মুহূর্তে চোটে পড়ে বাদ পড়েছেন লতা মন্ডল ও ফাহিমা খাতুন। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন শায়লা শারমিন ও মোর্শেদা খাতুন। মেয়েরা শ্রীলঙ্কায় রওনা হবেন পরশু।
মেয়েদের বাংলাদেশ দল
রুমানা আহমেদ (অধিনায়ক), ফারজানা হক, সানজিদা ইসলাম, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, নিগার সুলতানা (উইকেটকিপার), পান্না ঘোষ, রিতু মনি, সালমা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন ও মোর্শেদা খাতুন।