মেয়েদের লজ্জার বিশ্ব রেকর্ড
শুরুটা বোধ হয় এর চেয়ে খারাপ হতে পারত না রুমানা আহমেদের! তাঁর অধিনায়কত্বে প্রথম ম্যাচেই টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লজ্জার এই রেকর্ড গড়ে কাল মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৬৪ রানে হেরেছে বাংলাদেশ।
পরাজয়ের এই ব্যবধানও বোঝাতে পারছে না কালকের বাংলাদেশের করুণ দশা। ব্যাংককের এআইটি মাঠে ভারতকে ১১৮ রানে আটকে রেখে বাংলাদেশের মেয়েরা অলআউট হয়েছে মাত্র ৫৪ রানে। মাত্র ১৩ রানে তৃতীয় উইকেট পড়ার পর শায়লা শারমিন ও সালমা খাতুন টেস্ট মেজাজে ব্যাটিং করে ৭.১ ওভারে ২৯ রান যোগ করেছেন। ১৩তম ওভারে পরপর দুই বলে সালমা (২২ বলে ১৭) ও শায়লা (৩৬ বলে ১৮) ফিরতেই বাংলাদেশের বড় পরাজয় নিশ্চিত হয়ে যায়। মাত্র ১২ রানে পড়েছে েশষ ৭ উইকেট। সালমা ও শায়লা ছাড়া বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শুধু আয়েশা রহমানই (৬) পেরেছেন ১ রানের বেশি করতে। বাকি ৭ ব্যাটারের রান ১ আর নিগার সুলতানা ফিরেছেন শূন্য রানে। সূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১১৮/৬ (মিতালি ৪৯*, স্মৃতি ৪১, হারমানপ্রীত ১৯; খাদিজাতুল কুবরা ২/১২, জাহানারা ১/১৭, রিতু মণি ১/২০)। বাংলাদেশ: ১৮.২ ওভারে ৫৪ (শায়লা ১৮, সালমা ১৭, আয়েশা ৬; পুনম ৩/১৩, পাটিল ২/৭, গোস্বামী ২/১০)।
ফল: ভারত ৬৪ রানে জয়ী।