মেয়েদের সামনে অচেনা নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচ ১ অক্টোবর। তবে সালমা খাতুনের নেতৃত্বাধীন মহিলা ক্রিকেট দল মাঠে নেমে পড়ছে তার আগেই। আজ স্থানীয় সময় বেলা দুইটায় ইনচনের ইয়াংহি ক্রিকেট মাঠে নেপাল মহিলা দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
গত আসরের সেমিফাইনালিস্ট। সেই সৌজন্যে এবার সরাসরি শেষ আটে খেলছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সালমা খাতুনেরা ইনচনে চলে এসেছিলেন আরও আগেই। তার পরও কাল সং ডোর মাঠে অনুশীলন শেষে বাংলাদেশ মহিলা দলের অধিনায়কের আক্ষেপ, ‘আমরা ১৮ তারিখ থেকে এখানে প্র্যাকটিস শুরু করেছি। একটু আগে এসেছি আবহাওয়া ও উইকেট সম্পর্কে জানার জন্য। কিন্তু ম্যাচের উইকেট সম্পর্কে এখনো আমরা জানতে পারিনি।’
প্র্যাকটিস উইকেটও মনের মতো না পাওয়ায় এখানে এসে করা অনুশীলনে ততটা খুশি মনে হলো না সালমাকে। তার ওপর আজকের প্রতিপক্ষও একদমই অচেনা। নেপাল মহিলা ক্রিকেট দলের সঙ্গে যে এর আগে কোনো ম্যাচই খেলেনি বাংলাদেশের মেয়েরা! জয়ের আশাটা তাই একটু সতর্ক থেকেই করছেন সালমা, ‘কোনো দলকেই সহজভাবে নেওয়া ঠিক নয়। কখন কী হয়ে যায়, তা আগে থেকে কেউ বলতে পারে না। তার পরও আশা করছি আমরা জিতব।’
গতবার রুপাজয়ী বাংলাদেশের মেয়েদের কাছে এবার স্বাভাবিকভাবেই প্রত্যাশাটা বেশি। তবে সে প্রত্যাশাকে চাপ হিসেবে নিচ্ছেন না সালমা, ‘যেহেতু গতবার আমরা রুপা পেয়েছিলাম, এবার চাপ আছে, আমাদের সোনা পেতে হবে। তবে এটাকে চাপ হিসেবে নিচ্ছি না। স্বাভাবিক খেলা খেলতে পারলেই আমরা যেকোনো দলকে হারাতে পারব।’
খুব বেশি দিন হয়নি বাংলাদেশ মহিলা দলের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কান কোচ চাম্পিকা গামাগি। তবে মাস খানেকের অভিজ্ঞতা থেকেই তিনি যথেষ্ট আশাবাদী। যদিও এশিয়ান গেমসে সোনা পাওয়াটাকে পাখির চোখ করছেন না তিনি, ‘সোনা পেলে ভালো। তবে আমি র্যাঙ্কিংয়ে উন্নতির দিকে মনোযোগ দিতে চাচ্ছি।’