মেয়েদের 'সাঙ্গাকারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যামি স্যাটার্থওয়েইট
অ্যামি স্যাটার্থওয়েইট

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্টেই কীর্তিটা গড়েছিলেন কুমার সাঙ্গাকারা। টুর্নামেন্ট বলতে ২০১৫ বিশ্বকাপ! অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে কী কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি? টানা চার ম্যাচে করেন সেঞ্চুরি! গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু, এরপর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড—রেকর্ড টানা চার ম্যাচেই তিন অঙ্ক!
হঠাৎ সাঙ্গাকারার কীর্তির কথা আসছে, কারণ মেয়েদের ক্রিকেটেও ‘সাঙ্গা-কীর্তি’ হয়ে গেছে। গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার অ্যামি স্যাটার্থওয়েইট। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ১০২ রান করে অপরাজিত ছিলেন ৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান, তাতে অস্ট্রেলিয়ার ২৭৬ রানও পাঁচ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে হোয়াইট ফার্নরা (নিউজিল্যান্ডের মেয়েদের দলের ডাকনাম)।
জয় এসেছে, পাশাপাশি কীর্তি হয়েছে স্যাটার্থওয়েইটের। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেছিলেন তিন ম্যাচেই সেঞ্চুরি করে। সেটিই মেয়েদের ক্রিকেটে রেকর্ড—আর কারও যে টানা দুটির বেশি সেঞ্চুরিই নেই। কাল কীর্তিটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন স্যাটার্থওয়েইট।
সর্বশেষ টানা চার ওয়ানডেতে স্যাটার্থওয়েইটের স্কোর দাঁড়িয়েছে—১৩৭*, ১১৫*, ১২৩ ও ১০২*। অবিশ্বাস্য! অথচ এই সেঞ্চুরি-যাত্রার আগের ৮৯ ওয়ানডেতে তাঁর সেঞ্চুরিই ছিল মাত্র দুটি! সেগুলোও ২০১৩ সালের কথা! ক্রিকইনফো।