মেয়েরা কক্সবাজার যাচ্ছেন আজ
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকায় অনুশীলন করেছে প্রায় দুই সপ্তাহ। তাদের আসল প্রস্তুতি কক্সবাজারে শুরু হচ্ছে কাল থেকে। প্রোটিয়া মেয়েদের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ খেলতে আজ সকালে কক্সবাজারে রওনা হবেন রুমানারা।
ছুটি কাটিয়ে এসে কাল দুপুরে মেয়েদের কোচ ডেভিড ক্যাপেল যোগ দিয়েছেন দলের সঙ্গে। কক্সবাজারে আট দিনের অনুশীলন শেষে রুমানারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ১২ জানুয়ারি। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে প্রোটিয়া মেয়েরা ঢাকায় আসবে ৯ জানুয়ারি।
মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ পা রেখেছে ২০১১ সালের নভেম্বরে। পাঁচ বছরের বেশি সময় পেরোলেও এখনো চোখে পড়ার মতো উন্নতি হয়নি রুমানা-সালমাদের। ব্যাংককে সর্বশেষ এশিয়া কাপেও ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু খেয়েছেন তাঁরা। ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। থাইল্যান্ড-নেপালের মতো দুর্বল দলের বিপক্ষে জয় দুটি আসলে সান্ত্বনা। তবে নতুন বছরের শুরুতে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে নতুন করে শুরু করতে চান বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ, ‘পেছনের ব্যর্থতা ভুলে আমরা এই সিরিজে ভালো করতে চাই।’
সিরিজের সূচি
প্রথম ওয়ানডে ১২ জানুয়ারি
দ্বিতীয় ওয়ানডে ১৪ জানুয়ারি
তৃতীয় ওয়ানডে ১৬ জানুয়ারি
চতুর্থ ওয়ানডে ১৮ জানুয়ারি
পঞ্চম ওয়ানডে ২০ জানুয়ারি
* সব ম্যাচ কক্সবাজারে