মোটরবাইক দুর্ঘটনায় আহত শেন ওয়ার্ন
মোটরবাইক দুর্ঘটনায় আহত হয়েছেন শেন ওয়ার্ন। ছেলে জ্যাকসনকে নিয়ে বাইকটি চালানোর সময় দুর্ঘটনায় পড়েন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। প্রায় ১৫ মিটার দূরে ছিটকে পড়ে কোমর আর পায়ে বেশ ব্যথা পেয়েছেন। তবে তাঁর আঘাত মারাত্মক কিছু নয় বলেই জানা গেছে। তাঁর ছেলে অক্ষত আছেন।
৫২ বছর বয়সী ওয়ার্ন কারও সাহায্য ছাড়াই হাসপাতালে গিয়েছিলেন। তাঁর মনে হচ্ছিল, কোমর আর পায়ের হাড় হয়তো ভেঙেছে। কিন্তু হাসপাতালে গিয়ে দেখেন যা ভেবেছিলেন আঘাতটা সে ধরনের গুরুতর কিছু নয়। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘এখন ভালো আছি। তবে প্রচণ্ড ব্যথা সারা শরীরে। প্রথমে তো মনে হচ্ছিল কোমর আর পায়ের হাড় ভেঙেছে। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। বেশ কয়েক জায়গায় কেটে গেছে, এই যা।’
দুই বছর ধরে বাইক চালানোর অভ্যাস ওয়ার্নের থাকলেও খুব একটা নিয়মিত তা চালানো হয় না। এখনও শিক্ষানবিশ লাইসেন্সের ওপরে উঠতে পারেননি। একটি ফ্যাক্টরির গেট থেকে বের হওয়ার পথে একটি ঢালু জায়গায় মোড় ঘুরতে গিয়েই এলোমেলো করে ফেলেন ওয়ার্ন। ৩০০ কেজি ওজনের বাইকটি তাঁর ওপরে পড়ে।
দুর্ঘটনার ব্যাপারটি নিজেই বর্ণনা করেছেন ওয়ার্ন, ‘আমি মোটরবাইক চালাতে গিয়েছিলাম। বাইকটি চালানোর পর একটি ছাউনিতে তা রাখতে যাই। ফ্যাক্টরির গেটের মধ্যে ঢুকেই একটি ঢালু জায়গায় মোড় ঘুরতে গিয়ে পড়ে যাই।’
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট খেলে ৭০৮টি উইকেট তাঁর। অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি এই কিংবদন্তি খেলা ছাড়ার পর ধারাভাষ্যে নিজেকে জড়িয়ে রেখেছেন। আগামী ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গ্যাবায় শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেও তাঁর ধারাভাষ্য দেওয়ার কথা। রোববারের দুর্ঘটনা সেটি কিছুটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলেও ওয়ার্ন আশাবাদী তিনি গ্যাবায় যেতে পারবেন।