মোটা বলে বাদ উমর আকমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভাই কামরান আকমলের জায়গায় দলে এসেছিলেন। কিন্তু হায়, কামরানের ভাগ্যই মেনে নিতে হলো তাঁকে। চ্যাম্পিয়নস ট্রফির খেলা উমর আকমলকে দেখতে হবে বাড়িতে বসেই। এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে ইংল্যান্ড থেকে ফেরত পাঠাতে বলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হঠাৎ করে তাঁর দল থেকে বাদ পড়ার কারণ? পাকিস্তানের ক্রিকেটে এমন ঘটনা শুনলে সবার আগে যেটা মনে পড়ে সেই ফিক্সিং-টিক্সিং কিছু নয়। বাদ পড়েছেন ফিটনেস পরীক্ষায় উতরাতে পারেননি বলে।
উমরের বাদ পড়া নিয়ে পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্পে ফিটনেসের দুটি পরীক্ষা উতরাতে ব্যর্থ হয়েছে সে। আনফিট খেলোয়াড় বয়ে বেড়ানোর নীতি আমরা বাদ দিয়েছি। তাই ওকে ফিরিয়ে আনছি।’ চলতি বছরের গোড়ার দিকে পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেসের বার্ষিক যে বিশ্লেষণ হয়েছিল, উমরের ওজন ছিল ৯১ কেজি। তাঁর উচ্চতার তুলনায় এটা অনেক বেশি।
খেলোয়াড় কাটছাঁট করে চূড়ান্ত তালিকা দেওয়ার জন্য ২৫ মে সময় আছে। এর মধ্যেই উমরের বিকল্প নাম ঘোষণা করবে পিসিবি। পাকিস্তানের নির্বাচকেরা উমর আমিন ও হারিস সোহেলকে বিবেচনা করছেন। দুজনই ব্যাটিং অলরাউন্ডার। আমিন টপ অর্ডারে ব্যাট করার সঙ্গে মিডিয়াম পেস বোলিংও করেন। তিনি দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালের অক্টোবরে। আর মিডল অর্ডার ব্যাটসম্যান ও বাঁহাতি স্পিনার সোহেল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালের মে মাসে। ইএসপিএন-ক্রিকইনফো।