‘মোটা’ বলেই হৃদয় ভাঙল আজম খানের?

বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্ত বাদ পড়েছেন আজম খানছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল মোটা বলেই কি পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়লেন আজম খান? পাকিস্তানের সাবেক উইকেটকিপার মঈন খানের পুত্র আজমের শারীরিক গঠন নিয়ে সব সময়ই প্রশ্ন আছে। মোটাসোটা উইকেটকিপার ব্যাটসম্যান আজমের ফিটনেস নিয়ে দুশ্চিন্তার শেষ নেই অনেকেরই। আজম নিজে এটিকে মনে করেন একধরনের কটূক্তি।

পাকিস্তানের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আজম। মঈন খানের ছেলে হওয়ায় তাঁর জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে স্বজনপ্রীতির একটা প্রচ্ছন্ন অভিযোগ উঠেছিল। কিন্তু আজম এসব ব্যাপার নিয়ে একেবারেই চিন্তিত নন। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে প্রথমে নির্বাচিত হয়েও শেষ পর্যন্ত বাদ পড়েছেন। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। কষ্ট পেলেও এই বাদ পড়াকে ভবিষ্যতের পাথেয় হিসেবে দেখছেন আজম, ‘ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, আমার পেছনে যে কেউই আমাকে নিয়ে কথা বলতে পারে। আমি কেবল আমার মতো করে প্রস্তুত হতে পারি। প্রক্রিয়াটা খুব ধীর, কিন্তু সাফল্যের তো কোনো সংক্ষিপ্ত পথ নেই। আমার একজন ফিটনেস কোচ আছেন। দুঃখ হয় যে মানুষ আমাকে কেবল আমার শারীরিক গড়ন দেখে বিচার করে। তবে এটা আমাকে প্রতিনিয়ত উন্নতি করতে আলাদাভাবে অনুপ্রাণিত করে।’

মঈন খানের ছেলে হিসেবে স্বজনপ্রীতির অভিযোগ প্রায়ই ওঠে আজমকে নিয়ে
ছবি: পিসিবি

মঈন খানের ছেলে হিসেবে স্বজনপ্রীতির অভিযোগ নিয়েও বলেছেন আজম, ‘আমি একজন কিংবদন্তি ক্রিকেটারের সন্তান। কিন্তু সে কারণেই আমি পাকিস্তান দলে সুযোগ পেয়েছিলাম, ব্যাপার সেটি নয়। পাকিস্তান দলে সুযোগ পাওয়ার কিছু মানদণ্ড আছে। আমি সেই মানদণ্ড পূরণ করে সুযোগ করে নিয়েছিলাম। আমি এখন আরও বেশি পরিশ্রম করে যাচ্ছি যেন দলে স্থায়ী হতে পারি। আমি মনে করি, আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়াটা সহজ। কিন্তু ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে প্রতিদিন আপনাকে পরিশ্রম করতে হবে।’

বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে আজমকে। রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান হওয়ার পর দলে পরিবর্তন আসে। আজমকে বাদ দেওয়ার অবশ্য অন্য কারণও আছে। বিশ্বকাপ দলে সুযোগ করে নেওয়ার পর ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ছিল খুবই খারাপ।

তবে বাদ পড়ার কষ্ট লুকাতে পারেননি আজম, ‘ব্যাপারটা আমার জন্য খুবই কষ্টের। কিন্তু এটাই তো শেষ বিশ্বকাপের আসর নয়। আমার খিদেটা তো থেকেই যাচ্ছে। পরের বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। পরিশ্রম করছি যেন আমাকে ভবিষ্যতে বাদ দিতে না পারে। কিন্তু এখন আমাকে আয়নায় নিজেকে দেখতে হবে। প্রশ্ন করতে হবে নিজেকে আমি কে, কী করছি! তবে এটা ঠিক, প্রথমে সুযোগ পেয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপে না যেতে পারাটা হৃদয় ভেঙে দেওয়ার মতোই।’