মোদির প্রচারণায় টেন্ডুলকার

বিশ্বকাপে এমসিজিতে শচীন টেন্ডুলকারের সেই সেলফির কথা মনে আছে? ছবিটা এখনো ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। ভারতীয় ক্রিকেট কিংবদন্তির নতুন সেলফিটাও মুগ্ধ করবে সবাইকে। এবার কন্যা সারার সঙ্গে একটি সেলফি তুলে টুইটারে পোস্ট করেছেন টেন্ডুলকার। তবে এর পেছনে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য।
ভারতে বিভিন্ন অঙ্গরাজ্যে কন্যা শিশুর মৃত্যুর হার আশঙ্কাজনক। এর মধ্যে অনেক শিশু ভ্রূণ অবস্থাতেই মারা যায়। এ অবস্থার উত্তরণে সম্প্রতি ‘কন্যা বাঁচাও, পড়াশোনা শেখাও’ স্লোগানে নতুন এক উদ্যোগ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রকল্পের অংশ হিসেবে সেলফি প্রচারণা শুরু করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ প্রচারণায় যোগ দিয়ে সামাজিক এ আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছেন টেন্ডুলকার।
তারই অংশ হিসেবে গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে মেয়ে সারার সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। সঙ্গে ‘কন্যা বাঁচাও’ বার্তাটি লিখতেও ভুলেননি। কেবল টেন্ডুলকার নন, ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেলও যোগ দিয়েছেন এ প্রচারণায়। টুইটারে নিজের মেয়ের সঙ্গে সেলফি পোস্ট করেছেন প্যাটেল।