মোসাদ্দেক-তাসকিনদের চেনা ডাকেট

বেন ডাকেটকে ভালোই জানা আছে মোসাদ্দেক হোসেনের! বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ড টেস্ট ও ওয়ানডে দলে নতুন ডাক পেয়েছেন এই বছর ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া ২১ বছর বয়সী ইংলিশ ব্যাটসম্যান। ডাকেটকে তাঁর কতটা চেনা, কাল সন্ধ্যায় অনুশীলন শেষে বিসিবি একাডেমি ভবনে ফেরার পথে বেশ বোঝা গেল মোসাদ্দেকের কথায়। চিনবেন না কেন, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ডাকেট বাংলাদেশের বিপক্ষে যে চারটি ম্যাচ খেলেছেন, তার প্রতিটিতেই ছিলেন মোসাদ্দেক।
বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলে যে নতুন তিন মুখ, এর মধ্যে ডাকেটই বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি খেলেছেন। ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ, ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় যুব সিরিজে তিনটি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ছিলেন ডাকেট। খেলেছেন ২০১৪ যুব বিশ্বকাপে একটি প্রস্তুতি ম্যাচও। তাঁর পারফরম্যান্স অবশ্য খুব একটা উজ্জ্বল নয়। ২৫.৩৩ গড়ে করেছেন ৭৬ রান। হাফসেঞ্চুরি আছে একটি।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১২ যুব বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ডাকেট করেছিলেন ১৪ রান। টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এনামুল হক অবশ্য কাল সন্ধ্যায় তাঁকে মনে করতে পারলেন না। স্মৃতির আয়নায় ধুলো পড়েছে একই টুর্নামেন্ট খেলা বাঁহাতি ওপেনার সৌম্য সরকারেরও। তবে পেসার তাসকিন আহমেদের বেশ মনে আছে এই ইংলিশ ব্যাটসম্যানকে, ‘সে মরগানের মতোই। চালু ব্যাটসম্যান। সুইপ-রিভার্স সুইপ খেলে। আমার অবশ্য তাকে বোলিং করা হয়নি। আমি বোলিংয়ে আসার আগেই আউট হয়ে গিয়েছিল।’
ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে পুলে থাকা খেলোয়াড়দের মধ্যে ডাকেট সম্পর্কে সবচেয়ে ভালো জানা বোধ হয় মোসাদ্দেকেরই। বাংলাদেশের সঙ্গে যে তিনবার তিনি আউট হয়েছেন, তার দুটিই মোসাদ্দেকের হাতে। ডাকেটের দুর্বল ও শক্তিশালী দিক তাই ভালো জানা বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডারের, ‘ওর সঙ্গে আমার অবশ্য তেমন কথা হয়নি। মাঠেই ওকে যতটুকু দেখেছি। আক্রমণাত্মক ক্রিকেট খেলে। অনেক শট আছে হাতে। পাওয়ার ব্যাটিং করে। উইকেটকিপার হিসেবেও সে ভালো। তবে অফ স্পিনে দুর্বলতা আছে। পেস বল আবার ভালো খেলে। ওই সময় মুস্তাফিজকে সে ভালো খেলেছে। একটু তাড়াহুড়ো বেশি করে। তবে জায়গা মতো বল করতে পারলে ওকে আউট করা কঠিন হবে না।’
২০১৩ সালের আগস্টে ত্রিদেশীয় যুব সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী মিরাজ আর ইংল্যান্ডকে ডাকেট। ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে পুলে থাকা মিরাজের স্মৃতিতে তাই ভালোভাবেই গেঁথে আছেন এই ইংলিশ ব্যাটসম্যান, ‘ও ভালো ব্যাটসম্যান, চারদিকে প্রচুর শট খেলতে পারে সে। কাট ও রিভার্স সুইপও ভালো মারতে পারে। এখন নিশ্চয়ই আরও উন্নতি করেছে। তবে স্পিনে দুর্বলতা আছে তার।’
ত্রিদেশীয় সিরিজে খেলেছিলেন ইংল্যান্ড টেস্ট দলে নতুন ডাক পাওয়া আরেক ব্যাটসম্যান হাসিব হামিদও। বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচে ৪২.৫০ গড়ে তাঁর রান ৮৫। হামিদ সম্পর্কে অবশ্য তেমন কিছু জানা নেই মোসাদ্দেক-মিরাজদের।