মোসাদ্দেক-সানজামুলের দিন

তিন বছর পর জাতীয় লিগে সাকিব আল হাসান। তাই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা-ঢাকা বিভাগের ম্যাচের দিকেই চোখ ছিল সবার। কিন্তু কাল শুরু হওয়া জাতীয় লিগের ১৭তম আসরের প্রথম দিনের পারফরম্যান্সের বিচারে অনেকটাই পেছনে বিশ্বসেরা অলরাউন্ডার।
১৬ ওভারে ৫৩ রান দিয়ে মাত্র ১ উইকেট নিয়েছেন সাকিব। সেই তুলনায় অনেক উজ্জ্বল সাকিব সতীর্থ জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান (৩/২৪)। তবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দিনের সেরা পারফরমারকে দেখেছে রাজশাহী-বরিশাল ম্যাচ। সেঞ্চুরি করেছেন বরিশালের মোসাদ্দেক হোসেন, ৬ উইকেট নিয়েছেন রাজশাহীর বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।
বৃষ্টির দিনে খুলনার আধিপত্য
প্রচণ্ড গরমে স্বস্তি হয়েই এসেছিল বৃষ্টি। কিন্তু তাতেই দেরি হয়ে গেল খুলনা-ঢাকা বিভাগের প্রথম স্তরের ম্যাচটি শুরু হতে। ম্যাচ শুরু হতেই টস জিতে ব্যাট নেওয়া ঢাকার স্বস্তি উধাও। দিনের তৃতীয় ওভারের প্রথম বলে মুস্তাফিজের প্রথম শিকার দলটির ওপেনার মাইশুকুর রহমান। এরপর নিয়মিত উইকেট হারানো ঢাকা দিন শেষে ৬২.২ ওভারে ৮ উইকেটে করেছে ১৭৪ রান। সর্বোচ্চ ৬৮ রান সাঈফের।
বগুড়াতেও বোলারদের দিন
ঢাকা মহানগরকে ২৩৮ রানে অলআউট করে ভালো সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। মহানগরের তিন ব্যাটসম্যান মার্শাল আইয়ুব (৬৫), শামসুর রহমান (৫৪) ও নয় নম্বর ব্যাটসম্যান ইলিয়াস সানি (৫২*) মিলে করেছেন ১৭১ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ করেছেন ১৬। বাংলাদেশের ১৭তম ব্যাটসম্যান হিসেবে কাল প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ হাজার রান পেরিয়েছেন শামসুর। রংপুরের অফ স্পিনার মাহমুদুল হাসান ষষ্ঠবারের মতো নিয়েছেন ৫ উইকেট।
রান করেই যাচ্ছেন মোসাদ্দেক
বিসিএলে সেঞ্চুরি দিয়েই গত মৌসুমটা শেষ করেছিলেন মোসাদ্দেক হোসেন। এবারের প্রথম শ্রেণির মৌসুমটাও সেঞ্চুরিতে শুরু হলো বরিশালের ব্যাটসম্যানের। ২০১৫ সালে মোসাদ্দেকের পঞ্চম প্রথম শ্রেণির সেঞ্চুরি ও শাহরিয়ার নাফীস ও সোহাগ গাজীর ফিফটিতে অলআউট হওয়ার আগে ৩০২ রান করে বরিশাল। এরপর ১৯ রানেই স্বাগতিক রাজশাহীর ২ উইকেট তুলে নিয়েছে দলটি।
রাজিন-রুমানে সওয়ার সিলেট
ফতুল্লায় ১১১ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল সিলেট। তবে দিন শেষে সিলেটের রান ২৪০, উইকেট ওই ৪টিই। পঞ্চম উইকেটে ১২৯ রান যোগ করে অবিচ্ছিন্ন রাজিন সালেহ-রুমান আহমেদ জুটি।
সংক্ষিপ্তস্কোর
খুলনা-ঢাকা বিভাগ, খুলনা
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৬২.২ ওভারে ১৭৪/৮ (সাঈফ ৬৮, নাদিফ ৩৫; মুস্তাফিজ ৩/২৪, রাজ্জাক ৩/৬০)।
রংপুর-ঢাকা মহানগর, বগুড়া
ঢাকা মহানগর ১ম ইনিংস: ৭৮.৪ ওভারে ২৩৮ (মার্শাল ৬৫, শামসুর ৫৪, ইলিয়াস ৫২*; মাহমুদুল ৫/৪৪, সাজিদুল ২/২৮, সাদ্দাম ২/৩১)। রংপুর ১ম ইনিংস: ৭ ওভারে ১২/০।
রাজশাহী-বরিশাল, রাজশাহী
বরিশাল ১ম ইনিংস: ৭৮.৩ ওভারে ৩০২ (মোসাদ্দেক ১২২, শাহরিয়ার ৭৫, সোহাগ ৫২; সানজামুল ৬/১২৩)। রাজশাহী ১ম ইনিংস: ৯ ওভারে ১৯/২।
সিলেট-চট্টগ্রাম, ফতুল্লা
সিলেট ১ম ইনিংস: ৯০ ওভারে ২৪০/৪ (রাজিন ৭২*, রুমান ৭০*, ইমতিয়াজ ৩৭; মেরাজুল ২/৩৫, নাবিল ২/৭২)।