মোসাদ্দেকের আরেকটি ডাবল

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন সেঞ্চুরি দেখেছিল দুটি। কাল জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে আরও ৩টি সেঞ্চুরি। যাঁর একটি আবার ডাবল। খুলনায় তা পেয়েছেন বরিশালের মোসাদ্দেক হোসেন। মিরপুরে ১৪ রানের জন্য যা পাননি খুলনার মোহাম্মদ মিঠুন। অন্য সেঞ্চুরিটি বগুড়ায় ঢাকা বিভাগের নাদিফ চৌধুরীর।
মিরপুরে প্রথম দিন খেলা শেষ হয়েছিল মাত্র ৫৮.১ ওভার। সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে ছিলেন মোহাম্মদ মিঠুন। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দশম সেঞ্চুরিটি পেতে বেশি সময় নেননি কাল। ১৪৭ বলে সেঞ্চুরি পাওয়া মিঠুন আউট হয়েছেন মোহাম্মদ শহীদের বলে গালিতে ইলিয়াস সানিকে ক্যাচ দিয়ে। এর আগেই করে ফেলেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ১৮৬। আগের সর্বোচ্চ ১২৬ রান ছিল গত মৌসুমে ঢাকা বিভাগের বিপক্ষে।

মিঠুন আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে দলকে ৪৪৬ রানে রেখে। এর আগে মেহেদী হাসান মিরাজ ও আবদুর রাজ্জাকের সঙ্গে সপ্তম ও অষ্টম উইকেটে গড়েছেন ১০৫ ও ৯৪ রানের দুটি জুটি। ৯১ বলে ১৩ চারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক মিরাজ করেছেন ৬৭; ৬২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৬ রান খুলনার অধিনায়ক রাজ্জাকের।
ইনিংস শুরু করেই খুলনার দুই পেসার মুস্তাফিজুর রহমান ও আল আমিনের তোপের মুখে পড়ে ঢাকা মহানগর। ৩১ রানে পড়ে যায় ৪ উইকেট। ইনিংসের নবম ওভারে সৈকত আলী ও শামসুর রহমানকে ফেরানো বাঁহাতি পেসার মুস্তাফিজ পেয়েছেন ৩ উইকেট। খুলনার ফিল্ডারদের পিচ্ছিল হাতের সৌজন্যে মহানগর দিন শেষ করেছে ওই ৪ উইকেটেই ৭৮ রান তুলে।
বগুড়ায় প্রথম স্তরের অন্য ম্যাচটিতে ঢাকা বিভাগের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৪৯ রানে। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন নাদিফ। এরপর ৯৮ রানেই রংপুরের ৩ উইকেট তুলে নেয় ঢাকা। ৩৫১ রানে পিছিয়ে থাকা রংপুরকে ফলো অন এড়াতে করতে হবে আরও ২০১ রান। ওপেনার লিটন দাস করেছেন ৫১। এই ফিফটিতে প্রথম শ্রেণির ক্রিকেট ২০১৫ সালে লিটনের রান হলো ১৪১০। সংখ্যাটা এ বছরে সপ্তম সর্বোচ্চ।
খুলনায় দ্বিতীয় স্তরের বরিশাল-সিলেট ম্যাচের দ্বিতীয় দিনটাকে নিজের করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন। ৩১ রান নিয়ে দিন শুরু করা মোসাদ্দেক ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরিটি পাওয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে বরিশাল। স্কোরবোর্ডে তখন ৫২৭। দ্বিতীয় দিনে বরিশালের যোগ করা ২৩২ রানের দুই-তৃতীয়াংশের বেশি রানই (১৬৯) করেছেন ১৯ বছর বয়সী মোসাদ্দেক। আগের ম্যাচেও সেঞ্চুরি পাওয়া মোসাদ্দেকের ২৪৫ বলের ইনিংসটিতে ছিল ১৫টি চার ও ৭টি ছয়।
রাজশাহীতে ৮ উইকেটে ৩৪৬ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম অলআউট হওয়ার আগে ৭.৩ ওভারে যোগ করেছে আরও ৩৭ রান। এই রানের ২৮-ই করেছেন সাইফউদ্দিন। ক্যারিয়ার-সর্বোচ্চ ৭৪ রানে অপরাজিত ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর রাজশাহীকে ৩০৮ রানে অলআউট করে ৭৫ রানের লিড নিয়েছে চট্টগ্রাম। রাজশাহীর শুরুটা অবশ্য দারুণ ছিল। উদ্বোধনী জুটিতে ১৪৪ রান তুলেছিলেন জুনায়েদ সিদ্দিক ও নাজমুল হোসেন শান্ত। এরপরই বিপর্যয়। চট্টগ্রামের দুই স্পিনার জুবায়ের হোসেন ও নাবিল সামাদ মিলে ৭ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন রাজশাহীর ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল-সিলেট, খুলনা
বরিশাল ১ম ইনিংস: ১২৬.১ ওভারে ৫২৭/৯ ডি. (মোসাদ্দেক ২০০*, রাব্বী ১০৩, শাহীন ৫৮, শাহরিয়ার ৫২; আবুল হাসান ৩/৪৫, এনামুল জু. ৩/১১০, রাহাতুল ২/১৩২)। সিলেট ১ম ইনিংস: ৪০ ওভারে ১১২/০ (শানাজ ৫৮*, ইমতিয়াজ ৫১*)।
রাজশাহী-চট্টগ্রাম, রাজশাহী
চট্টগ্রাম ১ম ইনিংস: ৯৫.৩ ওভারে ৩৮৩ (ইরফান ১০২, ইয়াসির ৯১, মুমিনুল ৯০, সাইফউদ্দিন ৭৪*; শাফাক ৩/৫৩, মুক্তার ৩/৭৫, তাইজুল ২/৮৯)। রাজশাহী ১ম ইনিংস: ৭১.৪ ওভারে ৩০৮ (জুনায়েদ ৮১, ফরহাদ হোসেন ৬৯, নাজমুল ৬১, তনুময় ৩৪; জুবায়ের ৪/১০৪, নাবিল ৩/৫০)।
ঢাকা বিভাগ-রংপুর, বগুড়া
ঢাকা বিভাগ: ১৩৮.৩ ওভারে ৪৪৯ (নাদিফ ১১১, রনি ৫৯, রকিবুল ৫২, মোশাররফ ৩৬, মাইশুকুর ৩৫, সাইফ ৩৩, মজিদ ৩১, সগীর ৩১, শরীফ ৩০; তানভীর ৪/৬২, সোহরাওয়ার্দী ৩/১২০, সাজেদুল ২/৮০)। রংপুর ১ম ইনিংস: ৩৯ ওভারে ৯৮/৩ (লিটন ৫১; মোশাররফ ৩/৩৩)।
ঢাকা মহানগর-খুলনা, মিরপুর
খুলনা ১ম ইনিংস: ১১২.১ ওভারে ৪৫৫ (মিঠুন ১৮৬, মিরাজ ৬৭, তুষার ৫৯, রাজ্জাক ৪৬, এনামুল ৩৪; শহীদ ৪/৮৪, শরীফউল্লাহ ২/৭৫, হায়দার ২/৭৬)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৩০.১ ওভারে ৭৮/৪ (মার্শাল ২৭*, আসিফ ২৫*; মুস্তাফিজ ৩/১৯)।