মোস্তাফিজ-তাসকিনকে আরও সময় দিতে চান রংপুর কোচ

>বিপিএলে এখনো ভালো করতে পারেননি বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে তাদের কোচ মার্ক ও’ডোনেল এ দুই পেসারকে নিয়ে আশাবাদী। আরও সময় দিতে চান দুই পেসারকে।
এম এ আজিজ স্টেডিয়ামে আজ রংপুর রেঞ্জার্সের অনুশীলনে বেশ কিছুক্ষণ হাত ঘোরালেন দলের কিউই কোচ মার্ক ও’ডোনেল। পঞ্চাস ছাড়ানো ভদ্রলোকের উৎসাহ আর প্রাণশক্তি দেখে বোঝার উপায় নেই তাঁর দল বিপিএল পয়েন্ট টেবিলের তলানিতে। ঢাকা-পর্বে দুই ম্যাচেই হেরেছে রংপুর। চট্টগ্রাম-পর্বে ওরা খেলবে তিনটি ম্যাচ। ও’ডোনেল খুব আশাবাদী, চট্টগ্রামে ঘুরে দাঁড়াবে তাঁর দল।
বিপিএল প্রথম ম্যাচ কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৮ রানে গুটিয়ে গিয়ে ১০৫ রানে হেরেছে রংপুর। পরের ম্যাচে হার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। দুটি ম্যাচেই রংপুরের বোলাররা খুব একটা ভালো করতে পারেননি। মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি গড়ে ৯-এর বেশি রান দিয়েছেন। পরের ম্যাচে ওভারপ্রতি রান ৭-এর নিচে নেমে এলেও উইকেট পাননি। এ দুটি ম্যাচ মিলিয়ে তাসকিন ৩ ওভারে রান দিয়েছেন ৩৭। কোনো উইকেট পাননি।
বাংলাদেশ জাতীয় দলের এ দুই পেসারের ফর্ম নিয়ে তাই দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক। বিশেষ করে মোস্তাফিজ। বহুদিন ধরেই সেই চেনা ‘ফিজ’কে দেখা যাচ্ছে না। ডেথ ওভারে আটসাট বোলিং কিংবা প্রয়োজনের মুহূর্তে উইকেট নেওয়ার অভ্যাসও হারাতে বসেছেন। রংপুর কোচ ও’ডোনেল কিন্তু তারপরেও আশাহত নন মোস্তাফিজকেও নিয়ে, ‘না, সে খারাপ করছে না। সে উঁচু মানের বোলার। দক্ষতা আছে। টি-টোয়েন্টিতে চাপের সময় বোলাররা মার খেতেই পারে। বিশেষ করে ডেথ ওভারে কিংবা পাওয়ার প্লে-তে যারা বল করে। দক্ষতা এবং সব কিছু মিলিয়ে সে অভিজ্ঞ বোলার।’
বিপিএলের আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোনো উইকেট পাননি মোস্তাফিজ। ছিল না মনে রাখার মতো তেমন কোনো স্পেলও। কিন্তু ও’ডোনেল এখানেও আগলে রাখছেন তাঁর পেসারকে, ‘ভারতের টপ অর্ডারের খুব ভালো কিছু খেলোয়াড় আছে। ভারতীয় কন্ডিশনে তাদের বিপক্ষে নিয়মিত উইকেট পাওয়া যায় না। কোথায় বল করতে হবে, কোথায় উন্নতি দরকার, আমরা এটা নিয়ে কাজ করতে পারি। ফিজ খুব ভালো বোলার। তার কোনো সমস্যা নেই। সবাই তাকে দলে চায়।’
তবে তাসকিন ও মোস্তাফিজের ছন্দে ফেরাটা যে খুব দরকার, সেটা অস্বীকার করছেন না ও’ডোনেল। একই সঙ্গে মনে করিয়ে দিলেন, ‘টি-টোয়েন্টি খেলাটা কঠিন। এক ওভার হয়তো পাওয়ার প্লে-তে করছেন কিংবা মাঝে দুই ওভার, শেষে দুই ওভার। কখন কী ঘটবে তা বলা যায় না। ওরা কঠোর পরিশ্রম করছে। এটা চালিয়ে গেলে এক সময় পারফর্ম করবেই। নাঈমকে দেখুন, প্রথম ম্যাচে না পারলেও পরের ম্যাচে ভালো খেলেছে।’
রংপুরের দ্বিতীয় ম্যাচে ৫৪ বলে ৭৮ রান করেছিলেন মোহাম্মদ নাঈম। তাঁকে নিয়ে ও’ডোনেল বলছেন, ‘বাংলাদেশের খুব ভালো তরুণ খেলোয়াড়। সে বাংলাদেশের জন্য খুব ভালো খেলোয়াড় হতে যাচ্ছে।’
কাল কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রংপুর।