মোস্তাফিজ না সৌম্য—শিরোপা জিতবে কার দল?

মোস্তাফিজের দিকেই বেশি নজর থাকছেছবি: বিসিবির সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান ব্যক্তিগত কারণে ঢাকায় ফিরে না এলে হয়তো সব আলো তাঁর দিকেই থাকত। ইনডিপেনডেন্স কাপের ফাইনালে আজ লড়াইটাকে বলা হতো, সাকিবের মধ্যাঞ্চল বনাম মোস্তাফিজের দক্ষিণাঞ্চলের লড়াই। কিন্তু সাকিব খেলছেন না, ম্যাচে সবচেয়ে বেশি আলো এখন মোস্তাফিজ আর সৌম্য সরকারকে ঘিরেই।

চোটের কারণে মোস্তাফিজেরও আজ খেলা অনিশ্চিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মোস্তাফিজ খেলছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এরই মধ্যে ম্যাচ শুরু হয়ে গেছে। মধ্যাঞ্চল টস জিতে দক্ষিণাঞ্চলকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে, এরই মধ্যে  উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক আউটও হয়ে গেছেন। ১৬ ওভার শেষে দক্ষিণের রান ১ উইকেটে ৬১।

ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।

সাকিব আজ ফাইনালে খেলতে পারছেন না
ছবি: বিসিবির সৌজন্যে

ফাইনালের আগে পরশু তৃতীয় রাউন্ডের ম্যাচেও দুই দল মুখোমুখি হয়েছিল। সেখানে ওয়ালটন মধ্যাঞ্চলকে হারিয়েই ফাইনালে ওঠে বিসিবি দক্ষিণাঞ্চল। কাল ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে দক্ষিণ। তবে মধ্যাঞ্চল ঐচ্ছিক অনুশীলন পর্ব রেখেছিল। কিন্তু সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনদের দেখে মনে হয়নি শুধু গা গরমের জন্য অনুশীলন করছেন।

এর আগে প্রথম শ্রেণির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিসিএল টি-টোয়েন্টিও জিতেছে তারা। এবার ৫০ ওভারের টুর্নামেন্ট ইনডিপেনডেন্স কাপের শিরোপাও চাই সৌম্যদের।

ওয়ালটন মধ্যাঞ্চলে সৌম্যর দিকেই বেশি নজর থাকবে
ছবি: বিসিবির সৌজন্যে

এবারের টুর্নামেন্টটা অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণই হচ্ছে। নির্বাচক হাবিবুল বাশার কাল বলছিলেন, ‘খুব প্রতিযোগিতাপূর্ণ হয়েছে টুর্নামেন্টটা। মাত্র চার দলের খেলায় সাধারণত কে ফাইনাল খেলবে, সেটা সহজেই নির্ধারিত হয়ে যায়। এখানে কিন্তু একদম শেষ ম্যাচের শেষ মুহূর্তে এসে জানা গেছে, কে ফাইনাল খেলবে। আর এবারই দেখলাম কোনো দলকে জেতার পর উল্লাস করতে। সাধারণত এটা দেখা যায় না।’

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমানদের মতো খেলোয়াড়দের উপস্থিতিই এর বড় কারণ বলে মনে করেন হাবিবুল।

ফাইনাল ম্যাচের ইউটিউব লিঙ্ক 

ফাইনালে অবশ্য তাঁরা কেউ নেই। সাকিবের মধ্যাঞ্চল ফাইনালে উঠলেও সাকিব ঢাকায় ফিরেছেন। তামিমের ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও মাহমুদউল্লাহর বিসিবি উত্তরাঞ্চল ফাইনালের দেখা পায়নি।

তারকাখ্যাতি আর প্রতিদ্বন্দ্বীতার ঝাঁঝের তবু কমতি নেই আজ ফাইনালে। শেষ পর্যন্ত আজকের ফাইনালে কে জিতবে? পাঠক, আপনার কী মনে হয়? উত্তর জানিয়ে দিতে পারেন নিচের পোল-এ অংশ নিয়ে।