মোস্তাফিজ নাকি রাবাদা, কার মতো হবেন মাদুশঙ্কা?

প্রথম শ্রেণি এবং লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মাত্র তিনটি করে। সেখানে আহামরি কোনো পারফরম্যান্স নেই। শেহান মাদুশঙ্কা তবু কীভাবে সুযোগ পেলেন শ্রীলঙ্কা দলে? শুধু তা-ই নয়, ২২ বছর বয়সী এ পেসারের জন্য শ্রীলঙ্কার নির্বাচক প্যানেল বোর্ডের কাছে অনুরোধ করেছিল, ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে তাঁরা অতিরিক্ত একজন খেলোয়াড় নিতে চায়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) তা অনুমোদন করতেও দেরি করেনি। অর্থাৎ মাদুশঙ্কাকে ‘বিশেষ কিছু’ বলেই মনে করছে শ্রীলঙ্কান ক্রিকেট। কিন্তু কেন?
শ্রীলঙ্কা দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে তাঁর এই তরুণ শিষ্যটি প্রসঙ্গে আগেই বলেছেন, মাদুশঙ্কা ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন এবং তাঁকে দলে দীর্ঘদিনের জন্যই বিনিয়োগ করা হয়েছে।
সম্ভাবনাময় কোনো তরুণকে খুঁজে পেলে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার রেওয়াজ লঙ্কান ক্রিকেটে কিন্তু নতুন কিছু নয়। তাঁরা এর ভালো-মন্দ দুটোই দেখেছে। পুষ্পকুমারাকে মনে আছে?
প্রায় ২০ বছর আগের কথা। সিদ্ধার্থ ওয়েত্তিমুনি তখন লঙ্কান নির্বাচক প্যানেলের চেয়ারম্যান। বলা নেই, কওয়া নেই, হুট করে অনূর্ধ্ব-১৯ দল থেকে পুষ্পকুমারাকে তুলে এনেছিলেন জাতীয় দলে! মাদুশঙ্কার ক্ষেত্রে যেভাবে যা ঘটেছে, ঠিক একইভাবে—বাইরের দেশ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মুত্তিয়া মুরালিধরন, অরবিন্দ ডি সিলভাদের সঙ্গে ছিলেন পুষ্পকুমারা। সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি, কিন্তু এমন প্রতিশ্রুতির প্রতি আস্থা তো দেখিয়েছেন নির্বাচকেরা। পরে মাত্র ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে সে আস্থার অবশ্য প্রতিদান দিতে পারেননি পুষ্পকুমারা।
পুষ্পকুমারা তখন যেভাবে নজর কেড়েছিলেন, মাদুশঙ্কাও ঠিক একইভাবে কোচ-নির্বাচকদের চোখে পড়েছেন। এর আগে শারজায় টি-টেন টুর্নামেন্টে মাদুশঙ্কার বোলিংয়ে চমকে যান হাথুরুসিংহে। লঙ্কান এ কোচের চাপাচাপিতেই ত্রিদেশীয় সিরিজের জন্য ২৩ জনের প্রাথমিক দলে ডাক পান মাদুশঙ্কা। এরপর জায়গা পেলেন চূড়ান্ত স্কোয়াডেও। ত্রিদেশীয় সিরিজে কিন্তু তাঁর অভিষেকের সম্ভাবনা রয়েছে। অন্তত মাদুশঙ্কাকে নিয়ে শ্রীলঙ্কান কোচের যে পরিকল্পনা, তাতে সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
লঙ্কান সংবাদমাধ্যম ‘আইল্যান্ড’কে দেওয়া হাথুরুসিংহের ভাষ্য, ‘পেস আসলে ঈশ্বরপ্রদত্ত উপহার। এটা কোচিং দিয়ে গড়তে পারবেন না। আমরা শুধু টেকনিক্যাল দিকগুলো ধরিয়ে দিতে পারি। সামনেই বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। সেখানে আমাদের কিছু ভালো পেসার দরকার। তাই আমাদের এটা নিশ্চিত করতে হবে, বিশ্বকাপে যেসব খেলোয়াড় ভাবনায় আছেন, তাঁদের প্রস্তুতির জন্য ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে।’
মাদুশঙ্কাকে নিয়ে লঙ্কান সংবাদমাধ্যমও পড়ে আছে। এরই মধ্যে তাঁকে ভাবা হচ্ছে পরবর্তী মোস্তাফিজুর রহমান কিংবা কাগিসো রাবাদা হিসেবে। প্রত্যাশার এই চাপ মোস্তাফিজকে কতটুকু ‘উপকৃত’ করেছে, তা সবাই এখন দেখছে। লঙ্কান ক্রিকেটও কি ঠিক একই ভুল করবে?