মোস্তাফিজ-শরীফুলের চোট, সিরিজের শেষ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

মোস্তাফিজ ও শরীফুলফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের যন্ত্রণা যেন বাড়িয়ে দিল মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের চোট। আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই বাঁহাতি পেসারই চোট পেয়েছেন।

মোস্তাফিজ আজ মাঠ ছেড়েছেন বোলিং কোটা পূরণ না করেই
ছবি: প্রথম আলো

আজ ২.১ ওভার বল করেই মাঠ ছাড়েন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। পরে জানা যায়, চোটের কারণে মাঠ ছেড়েছেন তিনি। বিসিবির এক সূত্রে জানা গেছে, সাইড স্ট্রেইনের সমস্যার কারণে মাঠ ছেড়েছেন এই বাঁহাতি পেসার। ২২ নভেম্বর সিরিজের শেষ ম্যাচে খেলবেন কি না, কাল পর্যবেক্ষণের পর সেটি নিশ্চিত হওয়া যাবে।

শরীফুলও চোটে পড়েছেন
ছবি: এএফপি

দলের আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলামও চোট পেয়েছেন। ১৪তম ওভারে এক বল করে মোস্তাফিজ সরে যাওয়ায় বল তুলে দেওয়া হয়েছিল। ওভারের বাকি ৫ বল করার পর শরীফুলকেও আর দেখা যায়নি। আজ মাত্র ১.৫ ওভার বোলিং করছেন তিনি। এরপর কুঁচকির চোটের কারণে বোলিং করতে পারেননি বলে জানা গেছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শরীফুলের খেলা নিয়েও আছে শঙ্কা।

বোলিং নিয়ে দুশ্চিন্তা বাড়ছে অধিনায়কের
ছবি: প্রথম আলো

দুই বিশেষজ্ঞ বোলারের ওভার পুষিয়ে নিতে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বোলিং করিয়েছেন নাজমুল হাসান, আফিফ হোসেন ও সাইফ হাসানকে। বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজে চোটের কারণে পাচ্ছে না সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। দুজন না থাকায় দলের বোলিং আক্রমণ এমনিতেই অনেকটা শক্তি হারিয়েছে। শেষ ম্যাচে মোস্তাফিজ না থাকলে বড় ক্ষতিই হবে বাংলাদেশ দলের।