মোস্তাফিজকে ‘ভিন্ন’ কিছু করাবে নিউজিল্যান্ড

মোস্তাফিজ অস্ট্রেলিয়া সিরিজজুড়েই দারুণ বোলিং করছেনফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া সিরিজে মোস্তাফিজুর রহমানের বোলিং দেখার পর বাংলাদেশে এসে তাঁকে নিয়ে আলাদা করেই ভাবতে হচ্ছে নিউজিল্যান্ডকে। ঘরের মাঠের কন্ডিশনে অপ্রতিরোধ্য মোস্তাফিজকে কীভাবে সামলানো যায়, সেটিই এখন তাদের মূল গবেষণার বিষয়। সফরে নিউজিল্যান্ড দলের প্রধান কোচ হয়ে আসা গ্লেন পকনেলের কথায় ফুটে উঠেছে সেটিই।

অস্ট্রেলিয়ার ত্রাস হয়েছিলেন মোস্তাফিজ
ফাইল ছবি: প্রথম আলো

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড দলের অনুশীলন শেষে এক অনলাইন সংবাদ সম্মেলনে পকনেল বলছিলেন, ‘সে যে রকম বোলিং করেছে (অস্ট্রেলিয়া সিরিজে), তা এককথায় অবিশ্বাস্য। আমাদের জন্য বড় হুমকি সে–ই। তাকে কীভাবে খেলা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করাটাই আসল। আশা করি, আমরা তাকে ভিন্ন কিছু করতে বাধ্য করতে পারব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টি–টোয়েন্টিতে ৮.৫৭ গড় ও ৩.৫২ ইকনমি রেটে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। শুধু পরিসংখ্যান অবশ্য মোস্তাফিজের আসল পারফরম্যান্সটা তুলে ধরছে না। সর্বশেষ সিরিজে তাঁর বোলিং অস্ট্রেলিয়া দলকে মানসিকভাবেই ভেঙে দিয়েছিল, ঘরের বসে সেটা দেখেই বাংলাদেশে এসেছে কিউইরা।
মোস্তাফিজের ভয়ংকর হয়ে ওঠার আরেক কারণ কন্ডিশন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরুর পর থেকেই কিউইদের সব আগ্রহ তাই উইকেট নিয়ে। পকনেল বলছিলেন, ‘আমরা যা দেখছি, সেই হিসেবেই অনুশীলন করছি। আমরা মন্থর ও নিচু বাউন্সের উইকেটের জন্য প্রস্তুত হচ্ছি। যদি উইকেটে গতি থাকে, তাহলেও আমরা অবাক হব না। গতিময় উইকেটের সঙ্গে আমরা পরিচিত। কিন্তু মন্থর ও নিচু বাউন্সের সঙ্গে পরিচিত নই। প্রস্তুতিটা তাই সেভাবেই নিচ্ছি।’

নিউজিল্যান্ড দল ভাবছে মোস্তাফিজকে নিয়ে
ফাইল ছবি প্রথম আলো

দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল মাঠে কেমন করে, সেটিই এখন দেখার বিষয়। কোচও আছেন সেটি দেখার অপেক্ষাতেই, ‘সময়ই বলে দেবে আমরা কেমন প্রস্তুতি নিয়েছি। এখানে আসার আগে আমরা নিউজিল্যান্ডে ক্যাম্প করেছি। চেষ্টা করেছি এখানকার কন্ডিশনের মতো করে অনুশীলনের। আশা করি, এটা আমাদের মাঠে ভালো খেলতে সাহায্য করবে।’