মোস্তাফিজদের গুঁড়িয়ে সাকিবের কলকাতার বড় জয়

বড় ব্যবধানে জিতেছে সাকিবের দল কলকাতা। এক ওভারে ১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সাকিবছবি: আইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দলে সাকিব আল হাসান, অন্য দলে মোস্তাফিজুর রহমান। শারজার কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচ নিয়ে আগ্রহের কমতি ছিল না বাংলাদেশে। মাঠের লড়াই অবশ্য জমেনি মোটেই। মোস্তাফিজদের রাজস্থানকে ৮৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৮৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে সাকিবের কলকাতা। কলকাতা করেছিল ৪ উইকেটে ১৭১ রান।

এই জয়ে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে থেকে প্লে-অফ খেলা একদমই নিশ্চিত করে ফেলেছে। কাগজে-কলমে অবশ্য এখনো নিশ্চিত হয়নি কলকাতার পরের পর্ব উত্তরণ। তবে নেট রান রেটে দলটি প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ানসের চেয়ে এতটাই এগিয়ে যে আগামীকালের মুম্বাই-হায়দরাবাদ ম্যাচ না নিয়ে না ভাবলেও চলবে।

সাকিব-মোস্তাফিজের ম্যাচে সরাসরি মুখোমুখি হতে পারেননি দুজন। সাকিবকে ব্যাটিংয়েই নামতে হয়নি। অন্যদিকে মোস্তাফিজদের ইনিংসে সাকিব বল করেছেন শুধুই এক ওভার। সেই ওভারটি ছিল আবার ইনিংসের প্রথম।

ম্যাচ শেষ মাঠ ছাড়ছেন মোস্তাফিজরা
ছবি: আইপিএল

ওই ওভারে মাত্র ১ রান দেওয়া সাকিব তৃতীয় বলে তুলে নেন যশস্বী জয়সোয়ালকে। রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান জয়সোয়াল। এরপর সাকিবকে আর বোলিংয়ে আনার দরকার পড়েনি কলকাতার। কলকাতার অন্য বোলাররা একের পর এক উইকেট নিয়ে ছন্নছাড়া বানিয়ে দেন রাজস্থানের ইনিংস।

৩৫ রানে প্রথম ৭ উইকেট হারানো রাজস্থান যে শেষ পর্যন্ত ৮৫ করেছে, তাতে বড় অবদান রাহুল তেওয়াতিয়ার। সাতে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪৪ রান করেছেন তেওয়াতিয়া। কলকাতার পেসার শিভাম মাভি ২১ রানে ৪ ও লকি ফার্গুসন ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট।

৪ উইকেট নিয়েছেন শিবম দুবে (বাঁয়ে)
ছবি: এএফপি

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুবমান গিল ও ভেঙ্কটেশ আইয়ারের ওপেনিং জুটিতে ৭৯ রান তোলে কলকাতা। ৩৫ বলে ৩৮ রান করে ফেরেন আইয়ার, গিল করেন ৪৪ বলে ৫৬ রান। এরপর নিতিশ রানার ৫ বলে ১২, রাহুল ত্রিপাঠির ১৪ বলে ২১ রানের ইনিংস এবারের আইপিএলে সর্বোচ্চ শারজায় সংগ্রহ এনে দেয় কলকাতাকে।

মোস্তাফিজকে পাওয়ার প্লেতে আনেননি রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। অষ্টম থেকে ১৯তম ওভারের মধ্যে তিনটি ভিন্ন স্পেলে বোলিং করেছেন মোস্তাফিজ কিন্তু উইকেটের দেখা পাননি।