মোস্তাফিজ–ধাঁধাঁয় নাজেহাল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ানদের সামনে বড় ধাঁধাঁ মোস্তাফিজুর রহমানছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উইকেট এবং কন্ডিশন কেমন হবে, অস্ট্রেলিয়া দল তা জানত। স্পিনবান্ধব উইকেট ও স্পিনারদের আধিক্য—এসবের প্রস্তুতি নিয়েই এসেছিল অস্ট্রেলিয়া। তাতে অবশ্য কাজ হয়নি। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। এই দুই ম্যাচ হারের খতিয়ানে অস্ট্রেলিয়া দল নিশ্চয়ই একটি বিষয় ধরতে পেরেছে—একটু মন্থর উইকেটে স্পিনারদের সঙ্গে বাংলাদেশের পেসাররাও সমান কার্যকরী।

ম্যাচের পরিসংখ্যানেই রয়েছে সেই প্রমাণ। প্রথম ম্যাচে ২টি করে উইকেট নিয়েছিলেন বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। বিশেষ করে মাত্র ১৬ রান দেওয়া মোস্তাফিজ দারুণ বল করেন। উইকেটে তাঁর কাটার ও স্লোয়ার খেলতে খুব অসুবিধা হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। কাল দ্বিতীয় ম্যাচে সেই মোস্তাফিজকে এক কথায় খেলতেই পারেনি অস্ট্রেলিয়া। কাটার ও স্লোয়ারের মিশ্রণে তিনি অস্ট্রেলিয়া দলকে ধন্দে ফেলে দেন। হারের পর মোস্তাফিজের কুশলী বোলিং নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ময়জেস হেনরিকেস।

দুই ম্যাচে ৪৬টি স্লোয়ার দিয়েছেন মোস্তাফিজ
ছবি: প্রথম আলো

অনলাইনে সংবাদ সম্মেলনে হেনরিকেস বলেন, ‘আজ (কাল) রাতে মোস্তাফিজ দেখিয়েছে সে কত দ্রুত মানিয়ে নিতে পারে। আমার মনে হয়, সে ২৩-২৪টি স্লোয়ার বল করেছে। পেস (গতি) দেয়নি। আইপিএলেও সে এটা করে না। আজ (কাল) রাতে সে দারুণভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। প্রশংসাটা তার প্রাপ্য। তার স্লোয়ার বল ভালো উইকেটে খেলাও কঠিন। আমাদের এখান থেকে খুব দ্রুত ঘুরে দাঁড়ানোর পথ বের করতে হবে।’

মোস্তাফিজের স্লোয়ার বলে কাল প্রথম শিকার হন অস্ট্রেলিয়ার ওপেনার জশ ফিলিপে। তাঁর স্লোয়ার বলের লেংথ না বুঝেই লেগে খেলতে গিয়ে বোল্ড আউট হন। এরপর ১৮তম ওভারে গিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন বাঁ হাতি এ পেসার। অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড লেগে খেলতে গিয়ে বোল্ড হন। পরের বলে অ্যাশটন অ্যাগার মোস্তাফিজের স্লোয়ার বল বুঝতেই পারেননি। একটু উঠে আসায় বল তাঁর ব্যাটে লেগে আশ্রয় নেয় উইকেটকিপার নুরুল হাসানের গ্লাভসে। এ ছাড়াও নিজের ৪ ওভারের স্পেলে স্লোয়ার ও কাটারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাওয়ান মোস্তাফিজ। হেনরিকেস তাই সংবাদ সম্মেলনে মজা করে বলেছেন, মোস্তাফিজ ‘২৩-২৪টি’ স্লোয়ার মেরেছেন। যদিও ৪ ওভারের কোটায় বৈধ বলসংখ্যাই ২৪টি!

মোস্তাফিজকে পড়তেই পারছে না অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা।
ছবি: প্রথম আলো

মোস্তাফিজের বোলিংয়ের ধরন ব্যাখ্যাও করেন হেনরিকেস। সংবাদমাধ্যম ক্রিকেট অস্ট্রেলিয়া তা প্রকাশ করেছে। হেনরিকেসের ব্যাখ্যা, ‘বেশির ভাগ সিমারের চেয়ে তার স্লোয়ার অনেক বেশি কার্যকর। কবজি দিয়ে সে যা করে এবং কনুই যথাসম্ভব উঁচিয়ে যেভাবে বল ছাড়ে তাতে স্লোয়ার আরও কার্যকর হয়। গত দুই ম্যাচে (হেসে) ২টি বল পুরো গতিতে করেছে, ৪৬টি স্লোয়ার। তবে পরিকল্পনাটা ঠিকমতো খাটানো হলো বড় কথা। অনেকে শরীরের সুবিধা ব্যবহার করতে পারে কিন্তু ঠিক জায়গায় বল ফেলতে পারে না, মোস্তাফিজ সেটা পারে। সে স্মার্ট বোলার। চাইলে বলের গতি বাড়াতে পারে। কিন্তু কন্ডিশন বুঝে বল করে। নিজের পরিকল্পনা থেকে সরে আসে না।’

সিরিজে বাকি তিন ম্যাচে মোস্তাফিজকে অস্ট্রেলিয়া যে স্বস্তি নিয়ে খেলবে না, তা বলাই যায়।