মোস্তাফিজের আলো, তবু হার 'প্রায়' নিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বোলিংয়ে যা কিছু ভালো, তাঁর বেশির ভাগের সঙ্গেই জড়িয়ে মোস্তাফিজের নাম। ছবি: এএফপি।
বাংলাদেশের বোলিংয়ে যা কিছু ভালো, তাঁর বেশির ভাগের সঙ্গেই জড়িয়ে মোস্তাফিজের নাম। ছবি: এএফপি।

চাইলে ‘প্রায়’ শব্দটা ফেলে দিয়েও শিরোনামটা পড়তে পারেন। শব্দটা তো শুধু ক্রিকেটীয় অনিশ্চয়তাকে সম্মান জানিয়ে বসানো, না হলে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশের হার নিয়ে কোনো সংশয় কি আছে!

লক্ষ্যমাত্র ২৩৭ রান, সেটি তাড়া করতে গিয়ে এই প্রতিবেদন লেখার সময়ই ৩৯ ওভারে ২১৮ রান করে ফেলেছে নিউজিল্যান্ড। উইকেট পড়েছে মাত্র ২টি! ২টি উইকেটই মোস্তাফিজের। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে এলবিডব্লু  করেছিলেন টম ল্যাথামকে, পরে ৩৫তম ওভারে তাঁর বলেই গালিতে মাশরাফির ক্যাচ দিয়ে ফিরেছেন নিল ব্রুম। বাংলাদেশের বোলারদের মধ্যে আলো যা ছড়ানোর, সেটি তো ছড়ালেন এক মোস্তাফিজই ।

ইমরুল কায়েস এখন নিশ্চয়ই আক্ষেপে পুড়ছেন, ‘ইশ্‌! ক্যাচটা যদি ধরতে পারতাম!’ ইনিংসের চতুর্থ ওভারেই মোস্তাফিজের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন নিল ব্রুম। কিন্তু সহজ ওই ক্যাচটাই ধরতে পারেননি ইমরুল। ব্রুম তখন আউট হলে, কে জানে, হয়তো এখন অনেক বেশি চাপে থাকত নিউজিল্যান্ড। তখনো যে একটা রানও করেননি তিনি!

সেই ব্রুম শেষ পর্যন্ত নিজেও আক্ষেপে পুড়েছেন—আউট হয়েছেন ৯৭ রানে। তবে তার আগে বাংলাদেশি বোলারদের নাকের জল, চোখের জল এক করে ছেড়েছেন। কি স্পিন, কি পেস বোলিং—কোনো কিছুতেই যেন তাঁর কোনো নির্বিকার নেই। তাঁকে সংগত দিচ্ছেন কেন উইলিয়ামসনও। এই প্রতিবেদন লেখার সময়ে কিউই অধিনায়ক অপরাজিত ছিলেন ৯০ রানে। তাঁর সঙ্গী জিমি নিশাম অপরাজিত ১৩ রানে।

তৃতীয় উইকেটে ব্রম-উইলিয়ামসনের ১৭৯ রানের জুটিই ম্যাচে ‘প্রায় শূন্যের কোঠা’য় থাকা বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা নামিয়ে এনেছেন শূন্যতে। অথচ ব্যাটিংয়ের শুরুতেই নিউজিল্যান্ড পেয়েছিল জোড়া ‘আঘাত’! মোস্তাফিজের বলে ল্যাথাম আউট হওয়ার পরের ওভারেই ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ফিরে যান আরেক ওপেনার মার্টিন গাপটিলও। হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে তাঁর।

এই জোড়া আঘাতের পরের ওভারেই ব্রুমের ক্যাচটা মিস করেছেন ইমরুল। কে জানে, তা না হলে ম্যাচের সমীকরণটা কী থাকত! হয়তো তখনো জয়ের সম্ভাবনা থাকত না বাংলাদেশের, তবে প্রতিদ্বন্দ্বিতার আমেজ তো থাকত। অবশ্য শুধু ইমরুলের ওই ক্যাচ মিসই নয়, বাংলাদেশ খেলোয়াড়দের একের পর এক মিস ফিল্ডিংও বেশ চোখে লেগেছে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজ আলো কেড়েছেন সবচেয়ে বেশি। সেটি শুধু উইকেট দুটি পেয়েছেন বলেই নয়, ৯ ওভারে মোস্তাফিজ দিয়েছেন মাত্র ৩২ রান। অধিনায়ক মাশরাফি ৭ ওভার বল করেছেন, রান দিয়েছেন ৩৬। তাসকিনের ৬ ওভারে এসেছে ৩১ রান। সাকিব অনেক খরচে বোলিং করছেন আজ, ৮ ওভারে রান দিয়েছেন ৫৫। আর তানবিরের ২ ওভার থেকে এসেছে ২০ রান। এর বাইরে সাব্বির ৩ ওভারে দিয়েছেন ২০ রান, মোসাদ্দেকের ৪ ওভারে এসেছে ২৬ রান।