আইপিএল প্রত্যাবর্তনে পাঞ্জাব কিংসের বিপক্ষে ভালো বোলিং করেও উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার আজ সেই দুঃখ ভুলেছেন। আবুধাবিতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন ২ উইকেট। তাঁর করা ২৪ বলে একটি চার-ছয়ও মারতে পারেননি দিল্লির ব্যাটসম্যানরা।
তবে শেষ হাসিটা হেসেছে দিল্লিই। ৬ উইকেটে ১৫৪ রান তোলা দলটি রাজস্থান রয়্যালসকে ১২১ রানে থামিয়ে জিতেছে ৩৩ রানে। এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংসকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে দিল্লি।
রান তাড়ায় রাজস্থানের হয়ে একাই লড়েছেন সঞ্জু স্যামসন। ৫৩ বলে ৭০ রান করে অপরাজিত ছিলেন রাজস্থান অধিনায়ক। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু মহিপাল লোমরোর। ২৪ বলে ১৯ করেছেন বাঁহাতি ব্যাটসম্যান।
এর আগে দিল্লির ইনিংসের শুরুতেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কাটার মাস্টার প্রথম ওভারে দেন ৬ রান। মোস্তাফিজ দ্বিতীয়বার বোলিংয়ে আসেন দ্বাদশ ওভারে। এসেই দলকে ব্রেক থ্রু এনে দেন ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়ারের ৬২ রানের জুটি ভেঙে। অফ স্টাম্পের বাইরের শর্ট বলে হুক করতে গিয়ে বলটাকে শুধু উইকেটে টেনে আনেন পন্ত। ফেরার আগে ২৪ বলে ২৪ রান করেছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান।
পন্ত উইকেটে এসেছিলেন পঞ্চম ওভারে দিল্লি ২১ রানে দ্বিতীয় উইকেট খোয়ানোর পর। ৭ বল ও ৩ রানের মধ্যে শিখর ধাওয়ান ও পৃথ্বী শকে হারায় দিল্লি। ধাওয়ানকে ফিরিয়েছেন আগের ম্যাচে রাজস্থানকে অবিশ্বাস্য জয় এনে দেওয়া পেসার কার্তিক তিয়াগি। শ উইকেট দিয়েছেন চেতন সাকারিয়াকে।
পন্তের বিদায়ের ৭ রান পর আউট দিল্লির ইনিংসে সর্বোচ্চ স্কোরার আইয়ার। রাহুল তেওয়াতিয়ার বলে স্টাম্পড হওয়ার আগে ৩১ বলে ৪৩ রান করেন আইপিএলের দ্বিতীয় পর্ব দিয়েই আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা আইয়ার।
দিল্লির পঞ্চম উইকেটটি পেতে আবারও মোস্তাফিজের হাতে বল তুলে দিতে হয় রাজস্থান অধিনায়ককে। ১৭তম ওভারে তৃতীয়বার ফিরে তৃতীয় বলেই শিমরন হেটমায়ারের উইকেট তুলে নেন মোস্তাফিজ। ইয়র্কার লেংথের বলে ব্যাট লাগিয়ে শুধু শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিতে পারেন ১৬ বলে ২৮ রান করা হেটমায়ার।
৩ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেওয়া মোস্তাফিজ আবার বোলিংয়ে আসেন শেষ ওভারে। ওই ওভারে ২টি লেগ বাইসহ আসে ৯ রান।