মোহামেডান-আবাহনী ম্যাচে লিটনের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি পেলেন লিটন দাস। ছবি: শামসুল হক
লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি পেলেন লিটন দাস। ছবি: শামসুল হক

আবাহনী-মোহামেডান দ্বৈরথ আবেদন হারিয়েছে ঠিকই, কিন্তু এটিকে ‘আর দশটা খেলা’র সঙ্গে মেলানো যাবে না তবু। দেশের সবচেয়ে জনপ্রিয় দুই ক্লাব, তাদের ঐতিহ্য আর প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ মিলিয়ে এখনো আলাদা আবেদন ছড়ায়। ফুটবল কিংবা ক্রিকেট আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই খেলোয়াড়দের স্নায়ুর চাপ, বাড়তি উত্তেজনা। এই ম্যাচে কেউ যে কারও কাছে হারতে চায় না। জয়ের আনন্দটা সব সময়ই অন্যরকম আবেদন ছড়ায়, অন্য যেকোনো ম্যাচে হারের চেয়ে এই ম্যাচে হার যেন অনেক বেশি কষ্ট দেয় দুই দলের খেলোয়াড়দের।

প্রিমিয়ার ক্রিকেট লিগে আজ বিকেএসপিতে চলছে আরও একটি আবাহনী-মোহামেডান লড়াই। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে আবাহনী। ওপেনার লিটন দাস খেলেছেন ১৩৫ রানের দারুণ এক ইনিংস। ১০৩ বলে ১৫টি চার ও ২ ছক্কায় সাজানো তাঁর এই ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে লিটনের তৃতীয় সেঞ্চুরি।
ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে ১০৩ রানে জুটি গড়েছিলেন লিটন। সাদমান ফেরার আরও একটি জুটি গড়েন নাজমুল হোসেনের সঙ্গে। পরপর দুটি শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় আবাহনী।
২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক লিটনের। টেস্ট অভিষেকও একই মাসে, একই প্রতিপক্ষের বিপক্ষে। খুব বেশিদিন জাতীয় দলে থাকতে পারেননি। ২০১৫-এর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই খেলেন শেষ ওয়ানডে।
গত ফেব্রুয়ারিতে ভারত সফরে আবার দলে ফেরেন লিটন। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেও খেলেছেন। কিন্তু তাঁর দুর্ভাগ্য, দেশের শততম টেস্টে অবিস্মরণীয় জয়ের স্বাক্ষী হতে পারেননি পাঁজরে চোট পেয়ে। টেস্ট খেলেছেন ৪ টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আছে একটি ফিফটি।