মোহামেডানকে জেতালেন 'ব্যাটসম্যান' তাইজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও দুর্দান্ত করছেন তাইজুল ইসলাম, দলের মধ্যমণি তিনি তো হবেনই । ফাইল ছবি
শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও দুর্দান্ত করছেন তাইজুল ইসলাম, দলের মধ্যমণি তিনি তো হবেনই । ফাইল ছবি

মোহামেডানের বোলিং এগোচ্ছে তাঁর নেতৃত্বে। ৯ ম্যাচে ২১ উইকেট নিয়ে বোলারদের মধ্যে এই মুহূর্তে তাইজুল ইসলাম আছেন সেরা তিনে। কিন্তু দলের ব্যাটসম্যানদের এমনই করুণ দশা, ব্যাট হাতেও লড়তে হচ্ছে বাঁহাতি স্পিনারকে। আজ বিকেএসপিতে তাইজুলের দুর্দান্ত ব্যাটিংয়ে পারটেক্সের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে মোহামেডান।

বিকেএসপিতে আগের ম্যাচে আবাহনীর ৩৬৬ রানের বিশাল স্কোরে ঘাবড়ে না গিয়ে মোহামেডান ভালো জবাবই দিয়েছিল, করেছিল ৩৩৯। সেই মোহামেডানের আজ প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত পারটেক্সের বিপক্ষে থরহরিকম্প দশা! ২৩০ রান তাড়া করতে নামা মোহামেডান ১৬ রানে হারায় ২ উইকেট। তৃতীয় উইকেট জুটিতে অভিষেক মিত্র-চারিথ আসালাঙ্কার ৪১ ও চতুর্থ উইকেটে আসালাঙ্কা-রকিবুল হাসানের ৪৪ রানের জুটি বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করে। আগের ম্যাচে ১৯০ করা রকিবুল আউট হন ৩৪ রান করে। দলকে বিপদে রেখে আসালাঙ্কা ফিরেছেন ৪৭ রানে। ৩ উইকেটে ১০১ থেকে ৩৪.২ ওভারে ৭ উইকেটে ১৫২—৫১ রানের মধ্যে ৪ উইকেট হারায় মোহামেডান।
পরাজয় যখন চোখ রাঙানি দিচ্ছে তখন উইকেটে দাঁড়িয়ে গেলেন তাইজুল। ২৫ বছর বয়সী স্পিনারের ‘ব্যাটসম্যান’ হয়ে যাওয়ার উদাহরণ আগেও দেখা গেছে। গত ২৭ এপ্রিল খেলাঘরের বিপক্ষে মোহামেডান যে ৪ উইকেটের জয় পেয়েছিল, তাতে তাইজুলের অপরাজিত ১৪ রান রেখেছিল গুরুত্বপূর্ণ অবদান। গত প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ টাই করেছিলেন তাইজুল, মনে আছে নিশ্চয়ই।
পেছনের সব ম্যাচকে আজ ছাড়িয়ে গেছেন তাইজুল। দলের ব্যাটিং বিপর্যয়কে তোয়াক্কা না করে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে পৌঁছে দিয়েছেন জয়ের প্রান্তে। ৪ চার আর ২ ছয়ে তাইজুল অপরাজিত ৫১ বলে ৫৭ রান করে। লিস্ট ‘এ’ ম্যাচে এটা তাঁর সর্বোচ্চ তো অবশ্যই, প্রথম ফিফটিও। আগের সর্বোচ্চ রান ছিল ১৯। এই জয়যাত্রায় তাইজুল পাশে পেয়েছিলেন সাজেদুল ইসলামকে। অষ্টম উইকেটে এ দুজনের যোগ করা ৭৬ রান (৮২ বলে) নিশ্চিত করেছে মোহামেডানের জয়। যতিন সাক্সেনাকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে সাজেদুল করেন ২৭। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে রাজিবুল ইসলামকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেছেন তাইজুল। ছক্কাটা তাঁর ব্যাটিং-বিক্রমের প্রতীকী ছবিও বলতে পারেন।
বিকেএসপির অন্য মাঠে রূপগঞ্জকে ২৯ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। শরীফ উল্লাহর ৮২ রানের সৌজন্যে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে দোলেশ্বর করে ২৭৬ রান। নাঈম ইসলামের ৭৮ রানের পরও ৬ উইকেটে ২৪৭ রান করতে পারে রূপগঞ্জ। ফতুল্লায় ভিক্টোরিয়ার দেওয়া ১৩১ রানের লক্ষ্য আবাহনী টপকেছে ৮ উইকেট হাতে রেখে। ফিফটি পেয়েছেন আবাহনীর দুই ওপেনার লিটন দাস ও সাদমান ইসলাম।