মোহামেডানকে বিসিবির 'হুঁশিয়ারি'

>নিলাম থেকে তাঁদের নিয়েছিল মোহামেডান। লিগ শুরুর কদিন আগে ক্লাব কর্তৃপক্ষ নিয়মবহির্ভূতভাবে তিন খেলোয়াড়কে বলছে অন্য দল দেখতে। সিসিডিএম তাই হুঁশিয়ারি দিয়েছে মোহামেডানকে
‘প্লেয়ার্স ড্রাফট’ থেকেই মোহাম্মদ আজিম, রাহাতুল ফেরদৌস ও নুরুজ্জামানকে দলে ভিড়িয়েছিল মোহামেডান। ড্রাফট থেকে নেওয়ার অর্থ, ভেবেচিন্তে তাঁদের দলে অন্তর্ভুক্ত করা। অথচ ঢাকা প্রিমিয়ার লিগের কদিন আগে আজিম-রাহাতুল-নুরুজ্জামান জানতে পারলেন, তাঁরা আর মোহামেডানে নেই!
কদিন আগে তিন খেলোয়াড়কে নতুন ক্লাব দেখতে বলেছে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। তিন ক্রিকেটারকে অনুশীলনেও অংশ নিতে দেয়নি ক্লাবটি। তাঁদের নতুন ক্লাব খুঁজতে নির্দেশ দিয়েছেন মোহামেডানের ম্যানেজার ওয়াসিম খান, ভুক্তভোগী মোহাম্মদ আজিম নিজেই সংবাদমাধ্যমকে এমনটা জানিয়ে গেছেন, যেটি বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) নজরেও এসেছে।
মোহামেডান যদি শেষ পর্যন্ত বিষয়টির সমাধান না করে, তবে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি শাস্তির মুখে পড়তে পারে। আজ মিরপুরে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘এ বিষয়ে আমি মোহামেডানের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। খেলোয়াড়দের সঙ্গে আলাপ করে মোহামেডান ক্লাব বিষয়টা সমাধান করে ফেলবে; এটা করার কোনো সুযোগই নেই। এবার ক্লাবগুলোকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, খেলোয়াড়কে দলে নিয়ে না খেলালেও পারিশ্রমিকের পুরোটাই দিতে হবে। যদি কোনো খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন আসে, তাহলে পয়েন্ট কেটে নেওয়া এবং ক্লাবকে নিষিদ্ধ করে দিতে পারে সিসিডিএম ও বিসিবি।’
মোহামেডানের ম্যানেজার ওয়াসিম খান অবশ্য দাবি করলেন, আর্থিকভাবে খেলোয়াড়েরা যেন সমস্যায় না পড়েন, সেটি তাঁদের ভাবনায় আছে, ‘যেহেতু একই ধরনের আরও তিনজন খেলোয়াড় নিয়েছি, ওদের বলেছি, বসে না থেকে অন্য দল দেখতে পারো। যদি দল শেষ পর্যন্ত না পাও আমরা তো আছিই। টাকা নিয়ে চিন্তা করো না।’
নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারকে ড্রাফট থেকে দলে নিয়ে ক্লাব কর্তৃপক্ষ বাদ দিতে পারে না। অন্য ক্লাবের সঙ্গে অদল-বদল করতে পারে। সে ক্ষেত্রেও ওই ক্রিকেটারের পারিশ্রমিক যেন ড্রাফট অনুযায়ী থাকে, তা নিশ্চিত করতে হয়। তবে সেটা করার জন্যও নির্দিষ্ট সময়সীমা ছিল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও মোহামেডান খেলোয়াড়দের নতুন ক্লাব খুঁজতে বলেছে। প্লেয়ার্স ড্রাফট থেকে আজিমকে ১২ লাখ, রাহাতুল ফেরদৌসকে ১০ লাখ ও নুরুজ্জামানকে ৫ লাখ টাকায় দলে টেনেছিল মোহামেডান।