মোহামেডানে খেলাটা রোমাঞ্চকর মনে হচ্ছে মোহাম্মদ হাফিজের

মোহামেডানের হয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে হাফিজ। আজ রাজধানীর বনানীতেসৌজন্য ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৬ মার্চ মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠান আলো হয়ে উঠেছিল সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদদের উপস্থিতিতে। তবে আজ যখন ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হলো, তাঁরা সবাই দক্ষিণ আফ্রিকা সফরে।

জাতীয় দলের তারকাদের শুরুর কয়েকটি ম্যাচে পাবে না ক্লাবটি। তাঁদের অভাব আপাতত মোহাম্মদ হাফিজকে দিয়ে পূরণ করতে চায় মোহামেডান। আর হাফিজের আশা, ঢাকার ঘরোয়া লিগের যে প্রতিদ্বন্দ্বিতার কথা শুনে এসেছেন, সেই রোমাঞ্চের স্বাদ নেওয়া।

ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে আজই ঢাকা এসেছেন গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পাকিস্তান অলরাউন্ডার। এখানে আসার পেছনে কাজ করেছে ঢাকার লিগের ঐতিহ্যও।

ঢাকার এক হোটেলে বসে বিকেলে বললেন, ‘যখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাংলাদেশে এসেছি, এই প্রতিদ্বন্দ্বিতার কথা অনেক শুনেছি। এখানে আসতে পেরে ভালো লাগছে অনেক। যখনই প্রস্তাব পেয়েছি, এই ঐতিহাসিক ক্লাবের অংশ হতে চেয়েছি। জানি, এখানে খুব প্রতিদ্বন্দ্বিতাময় খেলা হয়। রোমাঞ্চ আর চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। অপেক্ষায় আছি তরুণ আর সিনিয়রদের সঙ্গে খেলার জন্য।’

মোহামেডানের জার্সি হাতে হাফিজ। দুপাশে মোহামেডানের দুই কর্মকর্তা
সৌজন্য ছবি

গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন ৪১ বছর বয়সী হাফিজ। তবে এলেন কিনা লিস্ট ‘এ’ টুর্নামেন্ট খেলতে। বললেন এর পেছনের কারণটাও, ‘গত কয়েক বছর আমি এক দিনের ম্যাচ খেলিনি। তবে খেলতে চাই। আমার বিশ্বাস, এখনো ভালো করতে পারি। ফিটনেস নিয়ে প্রতিদিনই কাজ করি। যেমনটা বললাম, ঢাকা প্রিমিয়ার লিগের রোমাঞ্চ নিতে মুখিয়ে আছি। মোহামেডানের প্রতিনিধিত্ব করাটা রোমাঞ্চকর।’ ‘

খেলা চালিয়ে যাওয়ায় আরেকটা কারণের কথাও জানালেন হাফিজ, ‘আমার মন্ত্র হলো, সবসময় ক্রিকেটটা উপভোগ করা। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তবে ব্যক্তিগতভাবে মনে করি, আমার মধ্যে এখনো কিছু আছে, যা সুন্দর এই খেলাটাকে ফিরিয়ে দিতে পারি।

৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯ টি–টোয়েন্টির সমৃদ্ধ এক আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁর। হাফিজের যে ক্যারিয়ারে বাংলাদেশেরও আলাদা একটা জায়গা আছে। ২০০৩ সালে প্রথম টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে, ২০১৯ বিশ্বকাপে শেষ ওয়ানডেতেও প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।

মোহামেডানের দুই সতীর্থ সৌম্য সরকার ও শুভাগত হোমের মাঝে হাফিজ
সৌজন্য ছবি

দেড় যুগেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাও বিলিয়ে দিতে চান তিনি মোহামেডানের তরুণ খেলোয়াড়দের মধ্যে, ‘আমি যেখানেই খেলি না কেন, তরুণদের উজ্জীবিত করতে চেষ্টা করি। যারই সহায়তা প্রয়োজন হোক না কেন, আমি থাকি। আমার নিজের ভালো লাগার জন্য যেমন খেলি, তেমনি তরুণদের উজ্জীবিত করতেও খেলি।’

ঢাকা প্রিমিয়ার লিগ এবার হচ্ছে জৈবসুরক্ষা বলয় ছাড়াই। হাফিজ বলছেন, এখানে আসার পেছনে ভূমিকা রেখেছে সেটিও, ‘জৈবসুরক্ষা বলয় নাই বলে এসেছি, এটা একটা কারণ। উপভোগ করতে এসেছি। আশা করি এখানকার থাকার সময়টা উপভোগ করব, ঘুরে বেড়াব। বায়ো-বাবল মানসিক দিক থেকে খুব কঠিন।’

গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন হাফিজ
ছবি: এএফপি

এতদিন সাকিব–মুশফিক–মাহমুদউল্লাহদের বিপক্ষে খেলে এলেও এবার খেলবেন একই দলে। আপাতত অবশ্য সেটি হচ্ছে না। মোহামেডানের মতো অপেক্ষায় আছেন হাফিজও, ‘ওরা খুব ভালো খেলোয়াড়। অনেক উঁচুমানের মনে করি তাদের। তাদের দেশকে অনেক সার্ভিস দিয়েছে। প্রতিপক্ষ হিসেবে অনেক খেলেছি। একসঙ্গে খেলা, একই ক্লাবের জন্য জেতাটা দারুণ হবে।’

আগামীকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এবারের লিগে মোহামেডানের প্রথম ম্যাচ। সেই ম্যাচে বাড়তি আকর্ষণ হয়েই থাকবেন মোহাম্মদ হাফিজ।