মোহামেডানে দুই পাকিস্তানি ক্রিকেটার
প্রতিশ্রুতি দিয়েও পাকিস্তান সফরে না যাওয়ায় বিসিবির সঙ্গে পিসিবির সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। যার পরিণতি কয়েক মৌসুম ধরেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পাচ্ছেন না কোনো পাকিস্তানি খেলোয়াড়। তবে পাকিস্তান জাতীয় দলের এবারের বাংলাদেশ সফর দিয়ে দুই বোর্ডের সম্পর্কে যেন আবারও বইতে শুরু করেছে সম্পর্কের উষ্ণ বাতাস।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানি ক্রিকেটারদের আগমনও সেই বার্তাই দিচ্ছে। তাও যেই-সেই ক্রিকেটার নন, পাকিস্তান মহিলা জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ককে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে পিসিবি। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহামেডানের হয়ে মহিলা ক্রিকেটের সুপার লিগে তিনটি ম্যাচ খেলতে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক সানা মীর ও সহ-অধিনায়ক বিসমাহ্ মারুফ ঢাকায় চলেও এসেছেন। এ ছাড়া মেয়েদের ক্লাব ক্রিকেটে এবার আবাহনী ও রূপালী ব্যাংকের হয়ে খেলছেন ভারত ও শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার।