মোহামেডানের আরেকটি হার
সুপার লিগের দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না মোহামেডান। প্রথম ম্যাচে আবাহনীর কাছে হারার পর বিকেএসপিতে কাল কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষেও তারা হেরেছে ৬৩ রানে।
মাত্র ২০০ রান করেও যে কলাবাগান ক্রিকেট একাডেমি এ রকম সহজ জয় পেল, তাতে সবচেয়ে বড় অবদান নাবিল সামাদের। ৯ ওভার বল করে মাত্র ১০ রানে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। অফ স্পিনার মাহমুদুল হাসান নিয়েছেন ২১ রানে ৩ উইকেট।
স্পিনারদের প্রতাপ দেখা গেছে একাডেমির ব্যাটিংয়ের সময়ও। কুয়াশার কারণে দেরিতে শুরু হওয়ায় ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে মোহামেডানের দুই পেসার সাজিদুল ও আরিফুল বল করেছেন মাত্র ৪ ওভার করে। বাকি পাঁচ বোলারই স্পিনার। এঁদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাহাতুল ও অফ স্পিনার নাঈম। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো বলই করেননি। ‘টানা ম্যাচ খেলছি বলেই হয়তো বাঁ পা-টা একটু ফুলে গেছে। তা ছাড়া ছোট ছেলেটা অসুস্থ। কয়েক রাত ঘুমাতে পারছি না। এ অবস্থায় বল করলে চোটের শঙ্কা থাকত’—বলেছেন মাশরাফি।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান–কলাবাগান একাডেমি, বিকেএসপি
কলাবাগান ক্রিকেট একাডেমি: ৪৩.৪ ওভারে ২০০ (ইমতিয়াজ ৫৬, মেহেদী ৪১, ইরফান ৩২; নাঈম ৩/৩০, রাহাতুল ৩/৩৫, রহমত ২/৩৫)।
মোহামেডান: ৪১.২ ওভারে ১৩৭ (নাঈম ৫৬; নাবিল ৪/১০, মাহমুদুল ৩/২১)।
ফল: কলাবাগান একাডেমি ৬৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাবিল সামাদ।