সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদরা আগে থেকেই ছিলেন। এবার মোহামেডানে যোগ দিয়েছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারের মতো জাতীয় দলের তারকারা। তারায় তারায় ঠাসা মোহামেডানে শুভাগত হোম, পারভেজ হোসেন, রনি তালুকদার ও নাজমুল ইসলামের মতো ঘরোয়া ক্রিকেটের পারফরমাররাও ছিলেন। তার ওপর বিদেশি ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ।
কিন্তু এত কিছুর পরও মোহামেডান সুপার লিগেই উঠতে ব্যর্থ। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করেছে পয়েন্ট তালিকার সাত নম্বরে থেকে। মোহামেডানের পাঁচ জয়ের দুটিই এসেছে লিগ পর্বের শেষ দুই ম্যাচে। কিন্তু ঘুম ভাঙতে যেন একটু বেশিই দেরি হয়ে গেল মাহমুদউল্লাহদের। মুখোমুখি লড়াই ও রানরেটে রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স এগিয়ে থাকায় ২০১৭-১৮ মৌসুমের পর এবারই প্রথম সুপার লিগে খেলা হলো না মোহামেডানের।
বড় বাজেটের দল গড়েও মোহামেডানের এমন ব্যর্থতার মূল কারণ হিসেবে অনেকেই হয়তো বলবেন, সাকিবসহ দলটির অন্যান্য তারকাদের অনুপস্থিতি। এবারের প্রিমিয়ার লিগের সময় বাংলাদেশ দল ছিল দক্ষিণ আফ্রিকা সফরে। যে কারণে সাকিব, মুশফিক, তাসকিন, মিরাজরা এবার কোনো ম্যাচই খেলতে পারেননি। একমাত্র মাহমুদউল্লাহই দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরার পর মোহামেডানের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন।
ওয়ানডের পর সাকিবও দেশে ফিরেছিলেন। কিন্তু পারিবারিক কারণে তিনি খেলতে পারেননি। তাসকিন চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন। বাকি ছিলেন মুশফিক ও মিরাজ। দুজনই দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরতে না ফিরতেই মোহামেডান সুপার লিগ থেকে ছিটকে পড়েছে। তাই জাতীয় দলের এই দুই ক্রিকেটার নতুন করে চুক্তি করেছেন পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল শেখ জামালের সঙ্গে।
প্রিমিয়ার লিগের সময় সাকিব-মুশফিকরা জাতীয় দলের খেলায় ব্যস্ত থাকার বিষয়টি অবশ্য আগে থেকেই জানা ছিল মোহামেডানের। জাতীয় দলের ক্রিকেটারদের না থাকার বিষয়টি মাথায় রেখেই প্রিমিয়ার লিগের বাকি ক্লাবগুলো দল সাজিয়েছিল। মোহামেডান যেন জেনেবুঝেই ভুল পথে পা দিয়েছে।
তার ওপর সৌম্য, পারভেজ, রনির কেউই মোহামেডানকে ধারাবাহিকভাবে ভালো শুরু এনে দিতে পারেননি। ১০ ইনিংসে ৩২৯ রান করে রনি এবারের লিগে মোহামেডানের সেরা ব্যাটসম্যান। টপ অর্ডার ব্যাটসম্যানদের অধারাবাহিকতা ভুগিয়েছে মিডল অর্ডারকে, যেখানে হাফিজ, মাহমুদউল্লাহরা খেলেছেন। ৭ ইনিংসে ২৩০ রান করা মাহমুদউল্লাহ মোহামেডানের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান। এ ছাড়া মোহামেডানের আরিফুল ইসলাম (২০৬), পারভেজ (২০৫), হাফিজদের (২০৩) রানও দুই শর ঘরে। সবচেয়ে বেশি হতাশ করেছেন সৌম্য সরকার। টানা ব্যর্থতায় প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেটে দল থেকে বাদও পড়েছেন।
মোহামেডানের ব্যাটিং–ব্যর্থতার আরও একটি বড় কারণ দল নির্বাচনে অধারাবাহিকতা। ১০ ম্যাচে ৬টি ভিন্ন ওপেনিং জুটি খেলিয়েছে মোহামেডান। মোহামেডানেরই এক ক্রিকেটার ব্যাটিং–ব্যর্থতার বড় কারণ হিসেবে ব্যাটিং অর্ডারের অস্থিতিশীল পরিস্থিতিকেই দায়ী করলেন, ‘আপনি যখন এত অদলবদল করবেন, তখন কেউই তো নির্ভার হয়ে খেলতে পারবে না। সবাই সবার জায়গা ধরে রাখার জন্য খেলবে।’
প্রিমিয়ার লিগে সাফল্যের জন্য তারকা আর টাকার ঝনঝনানিই যে যথেষ্ট নয়, এবারের মোহামেডান সেটিরই জ্বলন্ত প্রমাণ।