৪০ ওভারের ম্যাচ, লক্ষ্য ১৪৭। ৩৫ ওভার শেষে মোহামেডানের রান ৪ উইকেটে ১৩১। মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট লিগে কাল সহজ জয়ই দেখছিল মোহামেডান। কিন্তু ইনিংসের শেষ ওভারটা যখন শুরু হলো, ম্যাচটা যেকোনো দলের। জয়ের জন্য মোহামেডানের দরকার ২ রান, রূপালী ব্যাংকের ২ উইকেট। বিকেএসপির ৩ নম্বর মাঠে শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ২ উইকেট হাতে রেখেই জিতল মোহামেডান। মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান রুমানা আহমেদের। এর আগে বল হাতেও ৩ উইকেট নিয়ে রুমানাই হয়েছেন ম্যাচসেরা। রূপালী ব্যাংকের ১৪৬ রানের ইনিংসে সর্বোচ্চ ৬১ রান ফারজানা হকের।
কাল অন্য দুই ভেন্যু দেখেছে একতরফা ম্যাচ। বিকেএসপির ৪ নম্বর মাঠে ওরিয়েন্ট স্পোর্টিংকে ১৬৬ রানে হারিয়েছে আনসার ও ভিডিপি। ৫৭ বলে ১০ চার ও ২ ছয়ে সোহেলি আখতারের অপরাজিত ৮৫ রানে আনসার ৫ উইকেটে করে ২৫০ রান। জবাবে ওরিয়েন্ট পুরো ৪০ ওভারে ৯ উইকেটে করে ৮৪।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইন্দিরা রোডকে ২৩ রানে অলআউট করে ১৭৩ রানে জিতেছে জহুরুল ইসলাম সিটি (১৯৬/৪)। দলটির ওপেনার শারমিন আক্তার করেছেন অপরাজিত ৮৭।