মোহালি-নাগপুরের ছোঁয়া দিল্লিতেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলির ক্যাচ প্র্যাকটিস। আজ থেকে শুরু সিরিজের শেষ টেস্টটিও এমন করেই লুফে নিতে চান ভারতের টেস্ট অধিনায়ক l এএফপি
বিরাট কোহলির ক্যাচ প্র্যাকটিস। আজ থেকে শুরু সিরিজের শেষ টেস্টটিও এমন করেই লুফে নিতে চান ভারতের টেস্ট অধিনায়ক l এএফপি

হেইডেন-ম্যাক্সওয়েলরা বলেছেন, ‘নারকীয়’ উইকেট। ম্যাচ রেফারি জেফ ক্রোও প্রতিবেদন দিয়েছেন নাগপুরের উইকেট ‘খারাপ’ ছিল। কিন্তু তাতে করে কি দিল্লিতে আজ থেকে শুরু টেস্টের উইকেট আদৌ বদলাবে? নাকি ফিরোজ শাহ কোটলার ২২ গজেও মিলবে মোহালি, নাগপুরের ছোঁয়া? চার ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু হওয়ার আগে সবচেয়ে বড় প্রশ্ন এটাই।
ভারত এরই মধ্যে সিরিজ জিতে নেওয়ায় এমনিতে এই টেস্টের খুব একটা গুরুত্ব থাকছে না। কিন্তু নাগপুরের পর উইকেট-বিতর্কটা ঝড় তোলায় শেষ টেস্টটা নিয়ে আলোচনার কমতি নেই। দক্ষিণ আফ্রিকাও মনে হয় না টেস্টটা শুধু নিয়মরক্ষার জন্যই খেলবে। ২৯ সেপ্টেম্বর দিল্লিতে প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে যে সফর শুরু হয়েছিল সেটির শেষ হচ্ছে দিল্লি টেস্ট দিয়ে। শুরুতে যে তারা টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতেছিল সেই স্মৃতি যেন টেস্ট সিরিজ শুরু হওয়ার পর ফিকে হতে শুরু করেছে। শুরুটা যত ভালো হয়েছিল, শেষটা ও রকম না হলেও সম্মানজনক করার সব চেষ্টাই করবে প্রোটিয়ারা। সিরিজের ফল ৩-০ হলে তাতে যে বড় লজ্জা পেতে হবে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটিকে!
অবশ্য যদি ফিরোজ শাহ কোটলার উইকেটও নাগপুরের মতো হয়, প্রোটিয়াদের সেই চেষ্টা স্রেফ ‘চেষ্টা’ই থেকে যাবে। আগের তিনটি টেস্টে দক্ষিণ আফ্রিকার খেলা ৫ ইনিংসে ৫০ উইকেটের ৪৭টিই নিয়েছেন ভারতীয় স্পিনাররা। ২৪ উইকেট নিয়ে প্রোটিয়া-বধের নেতৃত্বে আছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা নিয়েছেন ১৬ উইকেট, ৭ উইকেট অমিত মিশ্রর। ঐতিহ্যগতভাবে দিল্লির উইকেটও মন্থর, স্পিনবান্ধব। এ মাঠে সর্বশেষ টেস্টেও (মার্চ ২০১৩) অস্ট্রেলিয়াকে তিন দিনে হারিয়েছিল ভারত। দুই ইনিংস মিলিয়ে ৭টি করে উইকেট নিয়েছিলেন অশ্বিন ও জাদেজা। কোটলার গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান চেতন চৌহান অবশ্য বলছেন, তাঁরা এবার ভালো উইকেট উপহার দেবেন। কিন্তু সেটি দিল্লির উইকেটের চরিত্র বদলে ফেলা ‘ভালো’ কি না, সেই সন্দেহ থেকেই যাচ্ছে। আর নাগপুর থেকে দিল্লিতে আসতে আসতেই তো আর ভারতীয় স্পিনের প্রতিষেধক বের করে ফেলেনি দক্ষিণ আফ্রিকা। তার মানে, গল্পটা একই থাকছে দিল্লিতেও!
উইকেটের চরিত্র খুব একটা বদলাচ্ছে না বলেই বোধ হয় ভারতও তাদের একাদশ ভাঙতে আগ্রহী নয়। দক্ষিণ আফ্রিকার একাদশে অবশ্য কিছু পরিবর্তন এমনিতেই আসতে পারে। চোট কাটিয়ে ডেল স্টেইন এখন কতটা ফিট সেটি নিয়ে গতকাল পর্যন্ত কিছুই নিশ্চিত হওয়া যায়নি। ম্যাচের ফল যেহেতু সিরিজের ফলে কোনো ভূমিকা রাখবে না, দক্ষিণ আফ্রিকা মনে হয় না সামান্য সন্দেহ থাকলেও স্টেইনকে খেলানোর ঝুঁকি নেবে। এ মাসের শেষ থেকেই ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ আছে প্রোটিয়াদের। স্টেইনকে বরং ওই সিরিজেই বেশি দরকার হবে দক্ষিণ আফ্রিকার। ওই সিরিজের কথা মাথায় রেখেই দিল্লিতে বিশ্রামে রাখা হতে পারে আগের সবগুলো টেস্টে খেলা কাগিসো রাবাদাকেও। ইন্ডিয়ান এক্সপ্রেস।