মোহিতে মোহিত চ্যাপেল
ভাগ্য কোথায় কাকে নিয়ে যায়! এই বিশ্বকাপে খেলারই কথা ছিল না মোহিত শর্মার। ইশান্ত শর্মার চোটে সুযোগ পেয়ে গিয়েছিলেন পাকেচক্রে। সেটা কী দারুণভাবেই না কাজে লাগাচ্ছেন! পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই আঁটসাঁট বল করেছেন, নিয়েছেন ৪ উইকেট। প্রথম দুই ম্যাচে ভারতের সব বোলারই অবশ্য নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। তবে অস্ট্রেলীয় কিংবদন্তি ইয়ান চ্যাপেল আলাদা করে বললেন মোহিতের কথাই, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের পর ভারতের এই বোলিং যেন আমূল বদলে গেছে। মোহিত শর্মার রূপান্তরটাই আমার সবচেয়ে চোখে পড়েছে। ভারতের সঙ্গে বাকিদের বোলিংয়ে সে বড় একটা পার্থক্য গড়ে দিচ্ছে।’ সাবেক ভারতের ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্মণও মোহিতের কথাই বললেন, ‘মোহিতের স্লোয়ার দারুণ। সে দারুণ ধারাবাহিক। সে ধারাবাহিকভাবে উইকেট টু উইকেট বল করে গেছে। বাজে বল দেয়নি বললেই চলে। আর ধোনি ওকে ভালোমতোই চেনে, আইপিএলে চেন্নাই সুপার কিংসে ওরা একসঙ্গেই ছিল।’ এএফপি।