ম্যাককালাম মিডল অর্ডারেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজটা খেলেননি। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে গিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে। সেই প্রস্তুতিটা কেমন হলো ব্রেন্ডন ম্যাককালামের? জানা যাবে বক্সিং ডে থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে।
আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে তিনটি টেস্টেই টম ল্যাথামের সঙ্গে ব্যাটিং সূচনা করেছিলেন ম্যাককালাম। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নিজের চেনা পজিশন মিডল অর্ডারেই খেলবেন কিউই অধিনায়ক। কারণটা ব্যাখ্যা করেছেন নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক ব্রুস এডগার, ‘এটা আরেকটি সিরিজ, অন্য প্রতিপক্ষ, অন্য কন্ডিশন। এই কন্ডিশনে আমাদের মনে হচ্ছে ব্রেন্ডন একটু নিচে ব্যাট করলেই ভালো হবে।’ ম্যাককালাম মিডল অর্ডারে ফিরে যাওয়া মানে ল্যাথামের সঙ্গে ওপেন করবেন হামিশ রাদারফোর্ড। চোটের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে পারবেন না কোরি অ্যান্ডারসন। পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে দলে রাখা হয়নি ড্যানিয়েল ভেট্টোরিকে।
আগামী ফেব্রুয়ারিতেই শুরু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডে এ সফরটাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবেন শ্রীলঙ্কান কোচ মারভান আতাপাত্তু। বিশ্বকাপে শ্রীলঙ্কার ছয়টি গ্রুপ ম্যাচের তিনটি হবে অস্ট্রেলিয়ার মাঠে, তিনটি নিউজিল্যান্ডে। কন্ডিশনকে চেনা-জানার এই সুযোগটা তাই কাজে লাগাতে চান শ্রীলঙ্কান কোচ, ‘এ ধরনের কন্ডিশনে কিছুদিন কাটানো এবং অভিজ্ঞতা সঞ্চয়ের বড় সুযোগ এটা।’ এএফপি, ক্রিকইনফো।