ম্যাককালাম যেখানে অনন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাইস্টচার্চে এতক্ষণে তাঁর শেষের শুরু হয়ে যাওয়ার কথা। টেস্টটা পাঁচ দিন গড়ালে আনুষ্ঠানিকভাবে ব্রেন্ডন ম্যাককালামের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হবে ২৪ ফেব্রুয়ারি, নইলে তার আগেই। পরিসংখ্যান ক্যারিয়ারকে খুব আহামরি বলে না। কিন্তু সব ছাপিয়ে ম্যাককালাম এমন এক ব্যক্তিত্ব, এমন এক অধিনায়ক হয়ে উঠেছেন যে, এই সিরিজটার অঘোষিত নামই হয়ে গেছে ‘ম্যাককালামের বিদায়ী সিরিজ’। তবে পরিসংখ্যানের কিছু কিছু জায়গায় বিদায়ী কিউই অধিনায়ক অনন্য। বর্ণাঢ্য ক্যারিয়ারের পাঁচটি কীর্তি ম্যাককালামকে সব সময় মনে করাবে আলাদা করে—
৩০২
একটা সময় টেস্টে ট্রিপল সেঞ্চুরির স্বপ্নই দেখতেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। সেই ১৯৯১ সালে মার্টিন ক্রো একবার শ্রীলঙ্কার বিপক্ষে ২৯৯ করেছিলেন, ওটাই দীর্ঘদিন কিউইদের পক্ষে সর্বোচ্চ ইনিংস হয়ে ছিল। অবশেষে ২০১৪ সালে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে সেই স্বপ্ন সত্যি হলো ম্যাককালামের ব্যাটে। প্রথম টেস্টে জেতা নিউজিল্যান্ড বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ১৯২ রানে। জবাবে ভারত প্রথম ইনিংসে করেছিল ৪৩৮। দ্বিতীয় ইনিংসেও ৯৪ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট ছিল না। কিউইদের হার যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই ওয়াটলিং আর জিমি নিশামকে নিয়ে প্রতিরোধ গড়েন ম্যাককালাম। ইতিহাসের প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে ম্যাককালামের ট্রিপল সেঞ্চুরিতে ওই টেস্টটা ড্র করে নিউজিল্যান্ড, ১২ বছর পর সিরিজ জেতে ভারতের বিপক্ষে।
১১৬৪
২০১৪ সালটা স্বপ্নের মতো কেটেছিল ম্যাককালামের। ফেব্রুয়ারিতে অকল্যান্ডে তাঁর ২২৪ ভারতের বিপক্ষে জয় এনে দিয়েছিল নিউজিল্যান্ডকে, তারপর ওয়েলিংটনে সেই বিখ্যাত ৩০২, নভেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে ২০২। ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে পরের টেস্টেই আবার ১৯৫ করে ইতিহাসের প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলক পেরোলেন ম্যাককালাম। শেষ পর্যন্ত বছরটা শেষ করেন ১১৬৪ রান নিয়ে। যেটি তখন টেস্টে এক বছরে কোনো নিউজিল্যান্ড ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল। অবশ্য পরের বছর ১১৭২ রান করে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কেন উইলিয়ামসন।
১১৬
এখনকার টি-টোয়েন্টিতে এটিকে খুব বড় কিছু মনে না-ও হতে পারে। কিন্তু গত দশকে ব্যাটসম্যানদের কাছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটা সেঞ্চুরি স্বপ্নের মতোই ছিল। ২০০৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ উপহার দেয় আন্তর্জাতিক ক্রিকেটকে। সেই থেকে ২০১০ সাল পর্যন্ত একজন ব্যাটসম্যানই সেঞ্চুরি করতে পেরেছিলেন এই সংস্করণে—২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিস গেইল। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই ক্লাবে যোগ দেন ম্যাককালাম। ক্রাইস্টচার্চে তাঁর ৫৬ বলে ১১৬ রানের ইনিংসটা সাক্ষী হয়ে আছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক টাই ম্যাচের। শেষ পর্যন্ত অবশ্য সুপার ওভারে নিউজিল্যান্ডই জিতেছিল ম্যাচটা।
১০০
এই সংখ্যাটা আসলে অনেকভাবেই জড়িয়ে আছে ম্যাককালামের নামের সঙ্গে। অভিষেকের পর ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১০০ টেস্ট খেলেছেন ম্যাককালাম। অ্যাডাম গিলক্রিস্টের পর তিনি দ্বিতীয় ব্যাটসম্যান, যার টেস্টে ১০০টি ছক্কার মারার কীর্তি আছে। টেস্টে ১০০ ও ওয়ানডেতে ২০০ ছক্কা মারা ইতিহাসের একমাত্র খেলোয়াড়ও ম্যাককালাম।
১৫৮
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিঃসন্দেহে অন্যতম আকর্ষণীয় ও সাফল্যমণ্ডিত। আর এই সাফল্যের কিছুটা কৃতিত্ব পাবেন ম্যাককালামও। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৭৩ বলে ১৫৮ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন কিউই উইকেটকিপার-ব্যাটসম্যান। ওই এক সেঞ্চুরিই আসলে আইপিএলের গ্ল্যামার বাড়িয়ে দিয়েছিল অনেক, অনেকটা ঠিক করে দিয়েছিল টুর্নামেন্টটির আগামী দিনের পথচলাও।