
ছোট হয়ে আসছে ক্রিস কেয়ার্নসের বৃত্তটা। সাউথওয়ার্ক ক্রাউন আদালতে চলমান মামলায় এর আগে সাক্ষ্য দিতে এসে লু ভিনসেন্ট শুনিয়েছিলেন, কীভাবে তাঁকে ম্যাচ পাতানোয় জড়িয়েছিলেন একসময়ের সতীর্থ কেয়ার্নস। এবার আরেক সাক্ষী এবং কেয়ার্নসের আরেক সাবেক সতীর্থ ব্রেন্ডন ম্যাককালাম দাবি করলেন, তাঁকেও স্পট ফিক্সিংয়ে জড়ানোর প্রস্তাব দিয়েছিলেন কেয়ার্নস!
নিউজিল্যান্ড ও বিশ্ব ক্রিকেটে ম্যাককালামের ভাবমূর্তি মাথায় রাখলে এতে এটুকু পরিষ্কার—ফিক্সিংয়ের অন্ধকার জগতের সঙ্গে ভালোই যোগাযোগ ছিল কেয়ার্নসের।
সাউথওয়ার্ক ক্রাউন আদালতে কাল ম্যাককালামের সাক্ষ্যের সময় কেয়ার্নসও উপস্থিত ছিলেন। নিউজিল্যান্ড অধিনায়ক শুরুতে তুলে ধরেছেন, একসময় কেমন ছিল দুজনের সম্পর্কটা, ‘আমার বেড়ে ওঠার সময় কেয়ার্নস ছিলেন নিউজিল্যান্ডের মহাতারকা। তিনি আমার অন্যতম আদর্শ ছিলেন। পরে একসঙ্গে খেলতে গিয়ে আমরা দুজন বন্ধু হয়েছি, আমাদের পরিবারও বন্ধু হয়েছে।’
কিন্তু সেই বন্ধুই পরে ভুল পথে নিয়ে যেতে চেয়েছিলেন তাঁকে। ম্যাককালাম জানান, ঘটনাটা ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর শুরুর আগে। নাইট রাইডার্সের হয়ে খেলতে তিনি তখন কলকাতায়। ম্যাককালামের দাবি, এক সন্ধ্যায় কেয়ার্নস তাঁকে ফোন করে বলেন, তিনিও কলকাতাতেই আছেন এবং ম্যাককালামের জন্য তাঁর কাছে একটা ‘ব্যবসায়িক প্রস্তাব’ আছে। ম্যাককালামের সঙ্গে গোপনে দেখা করতে চান তিনি।
দেখা হওয়ার পর কেয়ার্নস কী ‘ব্যবসায়িক প্রস্তাব’ দিয়েছিলেন তা শোনা যাক ম্যাককালামের সাক্ষ্য থেকেই, ‘ও আমাকে জিজ্ঞেস করেছিল আমি স্পট ফিক্সিংয়ের কথা শুনেছি কি না। আমি ‘‘না’’ বলার পর সে আমাকে ব্যাপারটা কাগজ-কলম নিয়ে ব্যাখ্যা করল। আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে কী করতে হবে। সে বলেছিল, ইচ্ছে করে খারাপ খেলতে হবে।’
ওই সময়ের অনুভূতি শোনাতে গিয়ে ম্যাককালাম আদালতকে বলেছেন, ‘প্রথমে ভেবেছিলাম ও রসিকতা করছে। কিন্তু সে খুব শান্তভাবে কথাগুলো বলছিল। সে আমাকে জানাল, অনেক বড় খেলোয়াড়ই এটা করছে, আমারও নাকি করা উচিত। আরও জানাল, ড্যানিয়েল ভেট্টোরি বা জ্যাকব ওরামকে সে এই প্রস্তাব দেয়নি, কারণ ওদের এটা করার সাহস নেই।’ কেয়ার্নস তাঁকে স্পট ফিক্সিং করার জন্য ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়ার প্রস্তাব করেছিলেন বলে দাবি ম্যাককালামের।
ম্যাককালাম শেষ পর্যন্ত প্রস্তাবটা গ্রহণ না করলেও স্বীকার করেছেন, তিনি কেয়ার্নসের কাছে জানতে চেয়েছিলেন কীভাবে এই টাকা নিউজিল্যান্ড পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। তবে সেটা নাকি নিছকই জানার আগ্রহ থেকে। তাৎক্ষণিকভাবে কেন ম্যাককালাম এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেননি, সেই প্রশ্নও তুলেছিলেন আইনজীবী। ম্যাককালামের ব্যাখ্যা, ‘আমি কেয়ার্নসের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করতে চাইনি।’
কেয়ার্নসের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ অনেক আগেই তুলেছিলেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি। কিন্তু ওই অভিযোগ তোলার কারণে ২০১২ সালে উল্টো মোদির বিরুদ্ধে লন্ডনের আদালতে মানহানির মামলা করে দেন সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার। জিতে ক্ষতিপূরণও পান ১ লাখ ৪৭ হাজার ডলার। পরে অবশ্য ব্রিটিশ কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন কেয়ার্নস। এরপরই তাঁর বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়। নিউজিল্যান্ড হেরাল্ড।