ম্যাককালামকে গিলেস্পির জবাব
এ বিতর্কের যেন শেষ নেই। ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হওয়া বেন স্টোকস ইচ্ছাকৃতভাবে বল ঠেকিয়েছেন, নাকি নিজেকে রক্ষা করতে চেয়েছেন, এ নিয়ে এত দিন নানাজন নানা মত দিয়েছেন। স্টোকসের আউটের আবেদনটা অস্ট্রেলিয়ার প্রত্যাহার করা উচিত ছিল কি না, সেই বিতর্কও হচ্ছে। গত পরশু নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের ডেইলি মেইল পত্রিকায় কলামে লিখেছেন, ক্রিকেটীয় চেতনা ঊর্ধ্বে রেখে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের আবেদনটা প্রত্যাহার করা উচিত ছিল। আবেদনটা প্রত্যাহার না করে স্মিথ অপরিণতের মতো কাজ করেছেন এবং এ ঘটনার জন্য একদিন অস্ট্রেলিয়ান অধিনায়ক অনুতপ্ত হবেন বলেও লিখেছেন ম্যাককালাম। আরেক ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এ কলাম লিখে এবার ম্যাককালামকে জবাব দিলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ও কাউন্টি দল ইয়র্কশায়ারের কোচ জ্যাসন গিলেস্পি।
ম্যাককালামের নাম উল্লেখ করেননি। তবে জবাবটা যে নিউজিল্যান্ড অধিনায়ককেই, সেটা বোঝা যাবে গিলেস্পির লেখাটা পড়লেই, ‘কেউ কেউ বলছে, স্মিথ অপরিণতের মতো কাজ করেছে। কিন্তু আমি সেটা মনে করি না। তার বয়স ২৬ না হয়ে যদি ৩৬ হতো, আমি মনে করি সে আবেদনে অটল থাকত। আমার মতে, ক্রিকেটের আইন অনুযায়ী স্টোকস আউট ছিল।’
আইনটাই সবকিছু, নাকি ক্রিকেটীয় চেতনাই বড়, সেই আলোচনাও হচ্ছে। গিলেস্পি অবশ্য মনে করেন ক্রিকেটীয় চেতনার ব্যাখ্যা একেকজনের কাছে একেক রকম হতেই পারে। সাবেক অস্ট্রেলিয়ান পেসার উদাহরণও দিয়েছেন, ‘যেমন ধরা যাক, আম্পায়ারদের সিদ্ধান্ত এবং প্রতিপক্ষের সততা নিয়ে প্রশ্ন তুলে লর্ডসের সেই সন্ধ্যায় ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান ক্রিকেটীয় চেতনা লঙ্ঘন করেছেন কি না, আপনি সেই বিতর্কও করতে পারেন।’
যাঁকে দিয়ে ওয়ানডেতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের শুরু হয়েছিল, সেই সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ রাজাও যোগ দিয়েছেন এ বিতর্কে। তিনি অবশ্য কারও পক্ষে বা বিপক্ষে না গিয়ে বলেছেন, ‘ব্যাটসম্যানরা এভাবে আউট হয় আইন সম্পর্কে অজ্ঞতার কারণে। পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটে যায় যে ব্যাটসম্যানের অন্য কিছু চিন্তা করার সময়ই থাকে না।’ এটা বলে হয়তো এত বছর পরে নিজের পক্ষেই সাফাই গাইলেন রমিজ। ১৯৮৮ সালে করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করতে দ্বিতীয় রানটি নেওয়ার চেষ্টা করতে গিয়ে রমিজ ব্যাট দিয়ে বল সরিয়ে দিয়েছিলেন। আইন জানা থাকলে কি আর কেউ এ রকম করে! গার্ডিয়ান, পাক ট্রিবিউন।