ম্যাককালামকে ছাপিয়ে দিলশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর ম্যাককালাম (ওপরে) ও দিলশান l এএফপি
সেঞ্চুরির পর ম্যাককালাম (ওপরে) ও দিলশান l এএফপি

সেডন পার্কের উইকেট বরাবরই কথা বলে ব্যাটসম্যানদের হয়ে। কাল আবার ওই ২২ গজ ছিল খানিকটা শুষ্ক। শ্রীলঙ্কার একাদশে তাই তিন স্পিনার, নিউজিল্যান্ডের দুই। ম্যাচটি যদিও শেষ পর্যন্ত হয়ে দাঁড়াল দুই ব্যাটসম্যানের লড়াই। তাতে ব্রেন্ডন ম্যাককালামের ঝোড়ো সেঞ্চুরিকে ছাপিয়ে গেল তিলকরত্নে দিলশানের নিয়ন্ত্রিত ও হিসাবি সেঞ্চুরি। হ্যামিল্টনে কাল ৬ উইকেটের অনায়াস জয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতেছিল ৩ উইকেটে।
ব্যাটিং উইকেটে ব্যাটিং-ব্যর্থতাই মূলত ডুবিয়েছে নিউজিল্যান্ডকে। ২৪৮ রান খুব কম নয় অবশ্যই, তবে একটা সময় মনে হচ্ছিল রান তিন শ ছাড়িয়ে যাবে অনায়াসেই। টপ অর্ডারে গাপটিল-ল্যাথাম রান না পেলেও সেটি আড়াল হয়ে যায় ম্যাককালামের ব্যাটে। ৩৯ বলে ফিফটি ছুঁয়ে কিউই অধিনায়ক পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ৮৮ বলে। গত বছর টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের সেরা সময় কাটালেও ওয়ানডেতে ছিল উল্টো ছবি, ১১ ম্যাচে রান করেছিলেন মাত্র ১৮৩। নতুন বছরে প্রথম দুই ম্যাচেই ১৬৩! আগের ম্যাচে ২২ বলে ৫১ রানের পর কাল ১২ চার ও ৫ ছক্কায় ৯৯ বলে ১১৭। ম্যাককালাম ফেরার পর কিউই ইনিংসেও মড়ক। ভেট্টোরি, অ্যান্ডারসন, লুক রনকি, নাথান ম্যাককালাম—চার ব্যাটসম্যান রানআউট! ১৮৫ রানে ৭ উইকেট হারিয়ে দলেরই দুই শ না হওয়ার জোগাড়। মিলনে (১৯), হেনরির (২০) মতো বোলাররা রানকে নিয়ে যান আড়াই শর কাছাকাছি।
বোলারদের ব্যর্থতা আর দিলশানের ব্যাটিংয়ে চ্যালেঞ্জও জানাতে পারেনি কিউইরা। ডিসেম্বরে ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন দিলশান, হয়েছিলেন সিরিজ-সেরা। ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান কাল করলেন ১৯তম ওয়ানডে সেঞ্চুরি (১২৭ বলে ১১৬)। সাঙ্গাকারা-জয়াবর্ধনেরা সঙ্গ দিয়েছেন, শেষ করেছেন অধিনায়ক ম্যাথুস। সাদা পোশাকে নিউজিল্যান্ডের সেরা পেসার ট্রেন্ট বোল্ট ব্যর্থ আবার, বিবর্ণ গতিময় অ্যাডাম মিলনেও। বিশ্বকাপ দলে উপেক্ষিত ম্যাট হেনরিই তুলনায় ভালো করেছেন। ৭ ম্যাচ সিরিজের তৃতীয়টি আগামীকাল অকল্যান্ডে। এএফপি, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৪৮ (ম্যাককালাম ১১৭, টেলর ৩৪, হেনরি ২০; হেরাথ ২/৩৬, সেনানায়েকে ২/৫৫, কুলাসেকারা ১/৪০, মেন্ডিস ১/৪৭)। শ্রীলঙ্কা: ৪৭.৪ ওভারে ২৫২/৪ (দিলশান ১১৬, ম্যাথুস ৩৯*, সাঙ্গাকারা ৩৮, জয়াবর্ধনে ২৭, করুনারত্নে ২১; হেনরি ২/৩৪, নাথান ম্যাককালাম ১/৪০, মিলনে ১/৬০)।
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী (সিরিজ ১-১)।
ম্যান অব দ্য ম্যাচ: তিলকরত্নে দিলশান।