ওয়েলিংটনে তখন ঠান্ডা পড়েছে। তবে দর্শকেরা তো কেক-টিন ছেড়ে যাচ্ছে না! অপেক্ষা, একটু পরই যে কথা বলবেন তাদের ‘নেতা’। কি মার্টিন গাপটিল, কি দলীয় পারফরম্যান্স, কি ড্যানিয়েল ভেট্টোরি বা খোদ দর্শকদের নিয়ে কথা—ব্রেন্ডন ম্যাককালাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাই বলেন, দর্শকেরা চেঁচিয়ে ওঠে। এ নিয়ে সাতবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড। বিশ্বকাপের শেষ চারে জায়গাটা একরকম ‘সম্পত্তি’ই বানিয়ে ফেলেছে কিউইরা। তবে দেখা হয়নি ফাইনাল, এবার বাধা দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের ইতিহাসেরই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হবে তা?
ম্যাককালাম এখনই অতশত ভাবতে চান না, উপভোগ করতে চান ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সাফল্যটা, ‘আমরা আজ রাতে গাপ (গাপটিল)-এর সাফল্য, দলের সাফল্য উদ্যাপন করব। তারপর মনোযোগ দেব সেমিফাইনালের দিকে।’
স্বাগতিক হওয়ার কারণে দর্শকদের চাপটা হতে পারত বাড়তি। দলের সাফল্যে সেটি মিইয়ে তো গেছেই, বরং দর্শকদের অভিবাদনই জানিয়েছেন ম্যাককালাম, ‘রাজধানী (ওয়েলিংটন) থেকেও অসাধারণ সমর্থন পেলাম। গ্রীষ্মজুড়েই দর্শকেরা ছিল অসাধারণ, আর তারা আমাদের সঙ্গেই ভ্রমণ করতে পারছেন, এটাও চমৎকার একটা ব্যাপার। আমি নিশ্চিত, অনেকেই অকল্যান্ড যাওয়ার টিকিটও আগাম ঠিক করে রাখছেন।’
অকল্যান্ডের সেমিফাইনাল পেরিয়ে নিউজিল্যান্ড ফাইনালে গিয়ে ইতিহাস গড়তে পারবে কি না, বলে দেবে সময়। তবে এ দলটিই নিউজিল্যান্ডের সেরা দল কি না সেটির জবাবে বলেছেন, ‘এক যুগের সঙ্গে অন্যটির তুলনা করা কঠিন। কোনো যুগ গেছে অসাধারণ। তবে আমি যেসব দলে খেলেছি, তার মধ্যে এটিই সেরা। অতীতের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এ দলটা নিয়ে আমি অনেক খুশি।’
ম্যাককালামের মতো খুশি হতে পারেন না জেসন হোল্ডার। তবে বিশ্বকাপের এই পারফরম্যান্স থেকে সামনে এগোনোর প্রেরণা খুঁজছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, ‘বিশ্বকাপটা উত্থান-পতনের মধ্য দিয়ে গেল। তবে আমি সব ছেড়ে-ছুড়ে যাব না। অবশ্যই আমি আমার কাজটা (অধিনায়কত্ব) করে যেতে যাই। আমি খুব একটা খারাপ করিনি, আমরা সামনে যেতে পারব, এমন আত্মবিশ্বাস আমাদের আছে।’
হোল্ডারের আত্মবিশ্বাস আছে, তবে হোল্ডারদের সঙ্গে খেলে ম্যাককালামরা আত্মবিশ্বাস নিশ্চয়ই আরও এক ধাপ ওপরে তুলে নিয়ে গেছেন। নিউজিল্যান্ডের ‘সম্পত্তি’ সেমিফাইনাল ও ‘ইতিহাস গড়া’ ফাইনাল, দুয়ের মাঝখানে দাঁড়িয়ে সময় ও দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাককালামের কাছে মনে হচ্ছে, জীবনের ‘সেরা সময়’টাই কাটাচ্ছেন তাঁরা।
সেরা সময়েই কি নিউজিল্যান্ডের ক্রিকেটে আসবে অভাবনীয় সেই ক্ষণ! এএফপি, ক্রিকইনফো।