
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এলেন স্মিত হাসি নিয়ে। উথালপাতাল করা আনন্দের চিহ্ন সেখানে নেই, থিতিয়ে এসেছে আবেগের দুকূলপ্লাবী জোয়ার।
ব্রেন্ডন ম্যাককালামের মুখের হাসিটা বুকের ওপর থেকে বোঝা নেমে যাওয়ার। একটু খেয়াল করলে চোখে পড়বে চিকচিক করতে থাকা গর্বের আভাও। আগের ছয়বার যে দল থেমে গেছে সেমিফাইনালে, আরেকটু হলেই তাদের গল্পটা হয়ে থাকত ‘এত কাছে তবু কেন দূরের’। ম্যাককালাম সেটি হতে দেননি। ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে ভুলে যাওয়া নিউজিল্যান্ডবাসীকে যে নিয়ে গেছেন স্বপ্নপূরণের নিশ্বাস ফেলা দূরত্বে!
কদিন আগে দেশবাসীকে একটা খোলা চিঠিতে আহ্বান জানিয়েছিলেন মাঠে এসে উৎসাহ দিতে। অকল্যান্ডের ইডেন পার্কে কাল তাই তিল ধারণের ঠাঁই ছিল না। জয়ের আবেশ গায়ে মেখেই সবাই ফিরতে পেরেছেন ঘরে। ম্যাককালাম বলতে পারলেন, ‘আমি আগেও বলছি, এখনো বলছি, খেলোয়াড় হিসেবে এমন অসাধারণ সময় আমরা আর কাটাইনি। আমরা সবকিছু উপভোগ করছি। এ পর্যন্ত আসতে পারাটা অবিশ্বাস্য কিছু। যেভাবে সবাই আমাদের সমর্থন দিয়েছে, আমরা যেমন ক্রিকেট খেলার চেষ্টা করেছি, সবকিছুই দুর্দান্ত।’ স্বপ্নটাকে এখন ছড়িয়ে দিচ্ছেন তাসমান সাগরের ওপারে মেলবোর্নে, ‘আশা করছি, সবাই আমাদের মতোই স্বপ্ন দেখছে, কয়েক দিনের মধ্যেই সুযোগটা আসবে। সেটি জিততে পারলে কী দারুণই না হবে!’
এই টুর্নামেন্টে আরও অনেক কিছুর মতো চমক হয়ে আছে ম্যাককালামের অধিনায়কত্ব। ব্যাটসম্যান হিসেবে নিজে যেমন আগ্রাসী, সেই দর্শন ছড়িয়ে দিয়েছেন অধিনায়কত্বেও। কালও যেমন নতুন বলে তিন স্লিপ নিয়ে চমকে দিয়েছেন সবাইকে। এমনকি ডি ভিলিয়ার্স, মিলাররা ধুন্দুমার ব্যাট চালানোর সময়েও সরে আসেননি আক্রমণের দর্শন থেকে। ম্যাককালামের ব্যাখ্যা, ‘আমার মনে হচ্ছিল যেভাবে আমরা ফিল্ডিং করছি, বল করছি, যতটা সম্ভব সবকিছুই আমাদের পক্ষে আছে। কখনো কখনো আপনাকে দুর্দান্ত কিছু করে ফেলতে পারে, এমন কাউকে সামলাতে হবে। আমরা জানতাম, আর যা-ই হোক, হাল ছাড়া যাবে না।’
নিজে ২৬ বলে ৫৯ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে পথ দেখিয়েছিলেন। অসাধারণ এক ইনিংসে দলকে গন্তব্যে নিয়ে যাওয়ার মূল কৃতিত্ব অবশ্য গ্রান্ট এলিয়টের। ম্যাককালাম তাই সতীর্থকে ভাসিয়ে দিলেন প্রশংসায়, ‘অসাধারণ একটা ইনিংস খেলেছে গ্রান্ট! অনেক দিন পর সে দলে এসেছে, কোরির (অ্যান্ডারসনের) সঙ্গে দারুণ এক জুটিতে দলকে জয় পাইয়ে দিয়েছে।’ অথচ নিজের ইনিংসটা মোটেই বড় করে দেখলেন না, ‘গ্রান্টের কাছে এসব কিছুই নয়। এত বড় স্কোর তাড়া করলে শুরুতে দ্রুত কিছু রান তুলতেই হতো। আমরা সে চেষ্টাই করেছি।’
ম্যাককালাম প্রতিপক্ষকে ভাসালেন প্রশংসায়, ‘পুরো টুর্নামেন্টজুড়ে দক্ষিণ আফ্রিকা যেভাবে খেলেছে সত্যিই অসাধারণ। কৃতিত্বটা ডি ভিলিয়ার্সের, ও-ই দলকে এতদূর এনেছে।’ কিন্তু মেলবোর্নের ফাইনালে ভারত নাকি অস্ট্রেলিয়াকে চান? স্বাভাবিকভাবেই এড়িয়ে গেলেন কিউই অধিনায়ক, ‘দুই দলই দারুণ খেলছে। আমরা জানি ভালো খেললে যে কারও সঙ্গেই আমরা পাল্লা দিতে পারব। তবে এসব নিয়ে কাল থেকে চিন্তা করা যাবে।’
নিউজিল্যান্ডকে পরম আরাধ্য সোনার হরিণ দিতে পারবেন কি না ২৯ মার্চই জানা যাবে। তবে দল কতটা ম্যাককালামময় সেটি বুঝে নিতে পারেন হর্শ ভোগলের টুইট থেকে। এই ধারাভাষ্যকার বলছেন, ব্যাটিং, নেতৃত্ব, মনোভাব, ইতিবাচকতা—সবকিছুর জন্য টুর্নামেন্ট সেরার সম্মানটা ব্রেন্ডন ম্যাককালামেরই প্রাপ্য। ক্রিকইনফো।