
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পরশু রাতের ম্যাচটা জিতেছে তাঁর দল কোয়েটা গ্ল্যাডিয়েটরস। নিজে অবশ্য বেশি কিছু করতে পারেননি। আউট হয়ে গেছেন মাত্র ১ রান করেই। কিন্তু সেই নাথাম ম্যাককালামকেই কাল পিএসএলে তাঁর সতীর্থরা ধরলেন—সবাইকে খাওয়াতে হবে!
কী ব্যাপার? কেন খাওয়াবেন? সতীর্থদের বিস্ময়, ‘সেকি, তোমার ছোট ভাই ওদিকে কী করেছে জানো না?’ ‘ছোট ভাই’ মানে ব্রেন্ডন ম্যাককালাম, নিউজিল্যান্ড দলের অধিনায়ক। তাঁর খোঁজ নিতে গিয়ে এবার একই সঙ্গে অনেকগুলো অনুভূতি হলো নাথানের। প্রথমে বিস্মিত, তারপর মুগ্ধ এবং গর্বিত। হওয়ার কথাই অবশ্য। ব্রেন্ডন ম্যাককালাম যে সে রকম এক কীর্তিই গড়েছেন। বিদায়ী টেস্ট খেলতে নেমে গড়েছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, নিজের করে নিয়েছেন টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটিও।
সতীর্থদের তো ‘ট্রিট’ দিয়েছেনই, পরে উচ্ছ্বাস প্রকাশের মাধ্যম হিসেবে নাথান বেছে নিয়েছেন টুইটার, ‘অবিশ্বাস্য, ছোট ভাই! দুর্দান্ত! খুবই আনন্দ পেয়েছি।’
ভাইয়ের কীর্তি, ভাই তো উচ্ছ্বসিত হবেনই। তবে কাল ক্রাইস্টচার্চে ম্যাককালামের ইনিংস আসলে মুগ্ধতা ছড়িয়েছে সারা ক্রিকেট-বিশ্বেই। আক্রমণাত্মক ব্যাটিংয়ের রাজা যিনি, সেই ক্রিস গেইলও টুইট করেছেন, ‘দুর্দান্ত একটা সপ্তাহান্তের জন্য ম্যাককালামকে অভিনন্দন!’ সাবেক দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ব্যাটসম্যান মার্ক বাউচার লিখেছেন, ‘অসাধারণ! ব্রেন্ডন, তুমি কিংবদন্তি।’ ম্যাককালামের পূর্বসূরি স্টিভেন ফ্লেমিংয়ের চোখে ইনিংসটা, ‘কী যে ভালো!’ অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডি লিখেছেন, ‘বিদায়ী টেস্টে এমন চিত্রনাট্য লেখা শুধু তোমার পক্ষে সম্ভব, ব্রেন্ডন!’
আসলেই তো, ক্যারিয়ারের শেষ টেস্টকে এমন রেকর্ড গড়া সেঞ্চুরি দিয়ে আর কে রাঙাতে পেরেছেন!
টেস্টে সবচেয়ে বেশি ছক্কা
দল ম্যাচ ইনিংস
১০৬ ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড ১০১ ১৭৫
১০০ অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া ৯৬ ১৩৭
৯৮ ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ১০৩ ১৮২
৯৭ জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকা ১৬৬ ২৮০
৯১ বীরেন্দর শেবাগ ভারত ১০৪ ১৮০