ম্যাককালামের তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রাইস্টচার্চে কাল ৫৪ বলে সেঞ্চুরির রেকর্ড গড়া ইনিংস শেষে মাঠ ছাড়ার সময় দর্শক অভিবাদনের জবাবে ম্যাককালাম l এএফপি
ক্রাইস্টচার্চে কাল ৫৪ বলে সেঞ্চুরির রেকর্ড গড়া ইনিংস শেষে মাঠ ছাড়ার সময় দর্শক অভিবাদনের জবাবে ম্যাককালাম l এএফপি

বিস্ময়টা তাহলে বিদায়ী টেস্টের জন্যই জমিয়ে রেখেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম? নিয়তি তাঁর জন্য এমন এক চিত্রনাট্য সাজিয়ে রেখেছিল যে টেস্ট ক্রিকেট আপাতত দ্রুততম সেঞ্চুরিটা দেখবে তাঁর ব্যাটেই!
আগের টেস্টে ইনিংসে হার। কাল সিরিজ বাঁচানোর শেষ টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেও ৩২ রানে ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের। প্রায় ৮ হাজার দর্শকের গগনবিদারী করতালি আর উঠে দাঁড়ানো অভিনন্দনের মাঝে ক্রিজে এলেন অধিনায়ক নিজে। সমর্থকেরা ভালোবেসে যাঁকে ডাকেন ‘বাজ’।
সেই বাজের ব্যাটেই পরের ঘণ্টা দুয়েক ক্রাইস্টচার্চে এমন তাণ্ডব চলল যে রেকর্ড বইতে ওলট-পালট হলো অনেক। টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভিভ রিচার্ডস আর মিসবাহ-উল-হকরা পেছনে পড়ে গেলেন, সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে পেছনে পড়লেন অ্যাডাম গিলক্রিস্টও। ৫৪ বলে সেঞ্চুরি আর ৭৯ বলে ১৪৫ রানের বিস্ময়কর এক ইনিংস খেলে যখন ফিরে যাচ্ছেন, শুরুর ধাক্কাটা সামলে কিউইরাও বেশ শক্তপোক্ত অবস্থানে। ৬৫.৪ ওভারে অলআউট হওয়ার আগেই তুলে নিয়েছে ৩৭০ রান, জবাবে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে।
দ্বিতীয় বলে জশ হ্যাজলউডকে চার মেরে শুরু। ১ ওভার পরে মিচেল মার্শকে পেয়ে মারলেন দুই ছক্কা আর দুই চার! হাফ সেঞ্চুরিটা আসে ৩৪ বলে। টেস্টের দ্রুততম হাফ সেঞ্চুরির (২১ বলে) রেকর্ড থেকে যা অনেক পেছনে। তখনো তাই মনে হয়নি সেঞ্চুরির রেকর্ডটা ভেঙে দিতে পারেন ম্যাককালাম। ৫০ বলেও ৮২ রান ছিল নামের পাশে। কিন্তু হ্যাজলউডের করা ইনিংসের ৩৬তম ওভারের শেষ চারটা বলে চিরচেনা সেই বিধ্বংসী ম্যাককালাম। একটা ছক্কার পরে তিনটি চার। ৫৪ বলে সেঞ্চুরি, বলের হিসাবে টেস্ট ক্রিকেটে দ্রুততম! ১৯৮৬ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করে দীর্ঘদিন যে রেকর্ডের একক মালিকানা ছিল ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডসের। পরে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবিতে সেই রেকর্ডে ভাগ বসান মিসবাহও। কাল ম্যাককালামের তুলকালাম-কাণ্ডে পেছনে পড়ে গেলেন দুজনই।
ঝড় অবশ্য থামেনি সেঞ্চুরির পরও। ১৪৫ রানের ইনিংসে ২১টি চারের সঙ্গে ৬টি ছক্কা। টেস্টে ছক্কার সেঞ্চুরি হয়েছিল আগেই। কাল প্রথম ছক্কাটি মেরেই গিলক্রিস্টকে (১০০) পেছনে ফেলে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটিও হাতের মুঠোয় পুরলেন ম্যাককালাম।
এমন কীর্তির পরও দিন শেষে সংবাদ সম্মেলনে কী বিনয়ী ম্যাককালাম! জানালেন, ভিভ রিচার্ডসের রেকর্ডটা যে ভেঙে দিয়েছেন, সেটি নাকি প্রথমে বুঝতেই পারেননি! লাজুক হাসিতে বললেন, ‘বেড়ে ওঠার সময় তিনি আমার আদর্শ ছিলেন। তাঁর মতো একজনকে পেরিয়ে যাওয়ায় আমার আসলে খুব বিব্রত লাগছে। তবে আশা করছি, যদি তিনি ইনিংসটা দেখে থাকেন, উপভোগ করেছেন।’
বিধ্বংসী এই ইনিংসটি খেলার পথে ভাগ্যের স্পর্শও অবশ্য পেয়েছেন ম্যাককালাম। ৩৯ রানে জেমস প্যাটিনসনের বলে গালিতে মিচেল মার্শের অসাধারণ ক্যাচের শিকার হয়েছিলেন। ম্যাককালামও হাঁটা শুরু করেছিলেন ড্রেসিংরুমের দিকে। তবে টেলিভিশন রিপ্লে দেখে নো বল দেন আম্পায়ার। ভাগ্যের সাহায্য পাওয়ার কথাটা অবলীলায় স্বীকার করেছেন কিউই অধিনায়ক, ‘দ্বিতীয় বলেই যখন ব্যাটের কানায় লেগে চার হলো, বুঝতে পারলাম, আজ ভাগ্য আমার সঙ্গে আছে। পরে যখন একটা নো বলও হলো, মনে হলো আজ আমার আউট হওয়ার দিন নয়। আমি আরও স্বচ্ছন্দে খেলা শুরু করলাম।’
এরপর কি আর ম্যাককালাম রেকর্ড না গড়ে থাকতে পারেন! ক্রিকইনফো।