ম্যাককালামের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু লর্ডসে এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে বক্তৃতায় ব্রেন্ডন ম্যাককালাম
পরশু লর্ডসে এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে বক্তৃতায় ব্রেন্ডন ম্যাককালাম

লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে ক্রিস কেয়ার্নসের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ছিলেন তিনি। ম্যাচ ফিক্সিংয়ের সেই মামলায় ছোটবেলার নায়কের বিরুদ্ধে সাক্ষ্য দিতেও দ্বিধা করেননি ব্রেন্ডন ম্যাককালাম। শেষ পর্যন্ত অবশ্য ওই মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন কেয়ার্নস। তবে ম্যাককালাম বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় স্বাভাবিকভাবেই সেটি কেয়ার্নসের সঙ্গে তাঁর সম্পর্কে ছায়া ফেলেছে। এই পুরো প্রক্রিয়াটায় আইসিসি যে ভূমিকা নিয়েছিল, তাতে খুবই হতাশ ম্যাককালাম। গত পরশু লর্ডসে এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে বক্তৃতায় সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাচ ফিক্সিং নিয়ে কাজ করার ক্ষেত্রে আইসিসির পেশাদারত্ব নিয়ে প্রশ্নও তুলেছেন।
কেয়ার্নস নির্দোষ প্রমাণিত হলেও লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে ম্যাককালাম যে সাক্ষ্য দিয়েছিলেন, এখনো সেই বক্তব্যে অটল আছেন বলে জানিয়ে দিয়েছেন বক্তৃতায়। এ বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া সাবেক এই কিউই অধিনায়ক পরে কথা বলেছেন ম্যাচ ফিক্সিংয়ের বিভিন্ন দিক নিয়ে।
আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) যে প্রক্রিয়ায় খেলোয়াড়দের এসব বিষয়ে সাক্ষী বানায়, সেটিও পেশাদার নয় বলে অভিযোগ করেছেন ম্যাককালাম, ‘আমি মনে করি, খেলোয়াড়েরা আইসিসির কাছ থেকে আরও ভালো আচরণ প্রত্যাশা করতে পারে। যেভাবে তারা খেলোয়াড়দের কাছ থেকে সাক্ষ্য নেয়, সেটি আরও পেশাদার হওয়া উচিত। তাদের এ সাক্ষ্য ভবিষ্যতে কোথায় ব্যবহার করা হবে, তাও স্পষ্ট করে জানিয়ে রাখা উচিত।’
নিজের ঘটনাকেই উদাহরণ হিসেবে টেনেছেন ম্যাককালাম। তিনি কেয়ার্নসের বিরুদ্ধে যখন সাক্ষ্য দিয়েছিলেন, তখন জানতেন না এটি আদালতে ব্যবহৃত হতে পারে। আবার আকসুর কাছে যে সাক্ষ্য দিয়েছিলেন, সেটি ফাঁস হয়ে গিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। এটাকে আকসুর দায়িত্বহীনতা বলেই মনে করেন ম্যাককালাম, ‘একটা খেলার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে যখন গোপন নথি সংবাদমাধ্যমের কাছে চলে যায়, তারা কীভাবে আশা করতে পারে যে খেলোয়াড়েরা তাদের সহযোগিতা করবে।’
নিজের ক্রিকেট দর্শন, নিউজিল্যান্ডের ক্রীড়া ঐতিহ্য—ম্যাককালামের বক্তৃতায় এসব প্রসঙ্গও উঠে এসেছে। তবে বড় অংশজুড়েই ছিল ম্যাচ ফিক্সিং। যেটির সূত্র ধরে ম্যাককালাম প্রশ্ন তুলেছেন, দোষ স্বীকার করে আইসিসিকে সব রকম সহযোগিতা করা খেলোয়াড়দের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত কি না। এ প্রসঙ্গে তিনি উদাহরণ টেনেছেন তাঁর একসময়ের সতীর্থ লু ভিনসেন্টের। ভিনসেন্ট শুধু নিজে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকারই করেননি, অপরাধ স্বীকার করে আইসিসিকে সহযোগিতা করেছেন। পরে সাক্ষী হয়েছেন কেয়ার্নসের বিরুদ্ধে মামলায়। অথচ আইসিসি তাঁকে আজীবন নিষিদ্ধ করেছে। লর্ডসের বক্তৃতায় ম্যাককালাম তাই বলেছেন, ‘আইসিসিকে সব রকম সহযোগিতা করার পরও তার এই কঠোর শাস্তি মেনে নেওয়াটা আমার জন্য কষ্টকর। এর সবচেয়ে খারাপ দিক হচ্ছে, লু (ভিনসেন্ট) আর কোনো দিন কোনো ক্রিকেট মাঠে যেতে পারবে না। তাঁর সন্তানেরা যেকোনো পর্যায়ে খেললে সেটা দেখতেও যেতে পারবে না। দোষী প্রমাণিত হওয়া যে খেলোয়াড় সব স্বীকার করে সহযোগিতা করেছেন, তার প্রতি কিছুটা অনুকম্পা দেখানোও তো গুরুত্বপূর্ণ।’ এএফপি।